আগামীর সময়

হরমুজ এড়াতে নতুন কৌশল

হরমুজ এড়াতে নতুন কৌশল

সংগৃহীত ছবি

উপসাগরীয় দেশগুলো রপ্তানির ক্ষেত্রে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা এড়াতে তাদের তেল পাইপলাইন সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করছে। বৃহস্পতিবার সকালে ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচিত প্রধান বিকল্পগুলোর একটি হলো এমন একটি বাণিজ্য পথ, যা আরব উপদ্বীপকে হাইফা বন্দর হয়ে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধের মধ্যেও সৌদি আরবই একমাত্র উপসাগরীয় দেশ, যারা ধারাবাহিকভাবে তেল রপ্তানি বজায় রাখতে পেরেছে। এর মূল কারণ হলো ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, যা দেশটির তেলক্ষেত্রগুলোকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের সঙ্গে যুক্ত করেছে এবং হরমুজ প্রণালীকে এড়িয়ে গেছে।

একজন জ্যেষ্ঠ উপসাগরীয় জ্বালানি কর্মকর্তা ফাইন্যান্সিয়াল টাইমসকে জানান, ‘পেছনে তাকালে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি একেবারেই অসাধারণ কৌশলগত সিদ্ধান্ত বলে মনে হয়।’

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিবেচনায় থাকা নতুন প্রকল্পগুলো শুধু নতুন পাইপলাইন নির্মাণ বা বিদ্যমান অবকাঠামো সম্প্রসারণ নয়; বরং পাইপলাইন, রেলপথ ও সড়কের একটি সমন্বিত নতুন নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমাতে সহায়তা করবে।

সৌদি ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের অন্যতম নির্মাতা লেবাননের নির্মাণ প্রতিষ্ঠান ক্যাট গ্রুপের প্রধান নির্বাহী ক্রিস্টোফার বুশ ফাইন্যান্সিয়াল টাইমসকে নিশ্চিত করেন, প্রতিষ্ঠানটি ‘বিভিন্ন পাইপলাইন প্রকল্প নিয়ে অনুসন্ধান পেয়েছে।’

ভারত-সৌদি-ইসরায়েল প্রকল্পে গতি

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উল্লেখিত প্রধান প্রকল্পগুলোর একটি হলো যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন আইএমইসি, যা সড়ক, রেলপথ ও পাইপলাইনের একটি নেটওয়ার্কের মাধ্যমে ভারতকে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করবে। এই পরিকল্পনার প্রধান চ্যালেঞ্জ হবে রুটে হাইফা বন্দর অন্তর্ভুক্ত করার জন্য সৌদি আরবের সম্মতি পাওয়া।

ইসরায়েলি কোম্পানি নিউমেড এনার্জির প্রধান নির্বাহী ইয়োসি আবু জানান, ভূমধ্যসাগরে পৌঁছানোর জন্য পাইপলাইন প্রয়োজন, যাতে মানুষ ‘তাদের নিজস্ব ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে, তাদের মিত্রদের সঙ্গে।’

আবু ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ‘আমাদের প্রয়োজন তেল পাইপলাইন, পুরো অঞ্চজুড়ে রেল যোগাযোগ, যাতে অন্যদের হাতে এমন সংকীর্ণ পথ না থাকে, যা দিয়ে তারা আমাদের আটকে দিতে পারে।’

সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, হরমুজ প্রণালীর সংকটের একমাত্র সমাধান হলো পাইপলাইনগুলো পুনঃস্থাপন করে ভূমধ্যসাগরে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা।

তিনি যুক্তরাষ্ট্রের রক্ষণশীল গণমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে উল্লেখ করেন, ‘দীর্ঘমেয়াদি সমাধানের মধ্যে রয়েছে জ্বালানি পাইপলাইন পশ্চিমমুখী করা—সৌদি আরব হয়ে লোহিত সাগর ও ভূমধ্যসাগরের দিকে—যাতে ইরানের ভৌগোলিক নিয়ন্ত্রণাধীন সংকীর্ণ পথটি এড়িয়ে যাওয়া যায়।’

নেতানিয়াহু জানান, সামরিক সমাধান স্বল্পমেয়াদে স্থিতিশীলতা আনতে পারে, তবে হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব দূর করতে পারে এমন কোনো সমঝোতাই দীর্ঘমেয়াদে সবচেয়ে কার্যকর পথ হতে পারে।


    শেয়ার করুন: