হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালিতে ওমানের প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে কালো ধোঁয়ায় আচ্ছন্ন থাইল্যান্ডের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ মায়ুরি নারি। ফাইল ছবি / রয়টার্স
হরমুজ প্রণালি এলাকায় দুটি তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ আঘাত হেনেছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। হরমুজে জাহাজ চলাচলের জন্য নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।
ইউকেএমটিও জানিয়েছে, প্রথম হামলায় ট্যাংকারটির ভেতরে ছোট আকারের আগুন লাগে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিবেশেরও কোনো ক্ষতির খবর নেই।
ট্যাংকারটি হরমুজ প্রণালি দিয়ে বের হয়ে যাচ্ছিল। আগুন নিয়ন্ত্রণের পর এটি আবার যাত্রা শুরু করে। তবে জাহাজটির কোথা থেকে কোথায় যাচ্ছিল, তা জানানো হয়নি।
এর কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বে আরেকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ আঘাত হানে। ইউকেএমটিও জানিয়েছে, ওই জাহাজের সব নাবিক নিরাপদ আছেন। পরিবেশেরও কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
দুটি ঘটনারই তদন্ত চলছে বলে জানিয়েছে ইউকেএমটিও।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারির শেষ দিনে ইরানে হামলা শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ এই জলপথটি এখন সংঘাতের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।
ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দিচ্ছে এবং অনুমতি ছাড়া প্রণালি পার হওয়ার অভিযোগে বিভিন্ন জাহাজে হামলা চালাচ্ছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো ঘিরে পাল্টা অবরোধ আরোপ করেছে। যার লক্ষ্য ইরানের তেল রপ্তানি ঠেকানো।
সূত্র : আলজাজিরা




