শিক্ষার্থী সুরক্ষায় দুবাইয়ে নতুন নীতিমালা
শিক্ষক-শিক্ষার্থীর সরাসরি যোগাযোগে নিষেধাজ্ঞা
- ব্যক্তিগত ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা
- একান্ত বৈঠকে কঠোর নজরদারি
- বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানও আওতায়

একটি বার্তা। একটি ব্যক্তিগত নম্বর। কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে গোপন আলাপ। শ্রেণিকক্ষের বাইরে শিক্ষক ও শিক্ষার্থীর এমন যোগাযোগ কোথায় গিয়ে দাঁড়াতে পারে, তা সবসময় বোঝা যায় না। ভরসার সম্পর্ক যেন অনিরাপদ হয়ে না ওঠে, সেজন্যই নতুন বিধিনিষেধ এনেছে দুবাই। এখন থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগে ব্যক্তিগত মোবাইল ফোন, নম্বর কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের নিজস্ব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। তবে শিক্ষকদের ব্যক্তিগত ফোন রাখা বা সাধারণ ব্যবহারের ওপর সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
গত সোমবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের জ্ঞান ও মানব উন্নয়ন কর্তৃপক্ষ গত ১৩ নভেম্বর শিক্ষার্থী সুরক্ষার নতুন নীতিমালা ঘোষণা করে। এর লক্ষ্য নির্যাতন, অবহেলা, হয়রানি এবং অনলাইনে অনাকাঙ্ক্ষিত যোগাযোগের ঝুঁকি কমানো। নতুন নিয়মে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা কিংবা ব্যক্তিগত নম্বর দিয়ে শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে নিষিদ্ধ। পাঠদান ও প্রয়োজনীয় বার্তা আদান-প্রদান করতে হবে প্রতিষ্ঠানের অনুমোদিত যন্ত্র ও যোগাযোগব্যবস্থায়; যাতে কর্তৃপক্ষ প্রয়োজনমতো যোগাযোগের তথ্য যাচাই করতে পারে।
বিধিনিষেধ শুধু বিদ্যালয়ে সীমাবদ্ধ নয়। নার্সারি, প্রাক-প্রাথমিক কেন্দ্র, বেসরকারি বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানও এর আওতায়। শ্রেণিকক্ষের পাশাপাশি অনলাইন পাঠদানেও নিয়ম প্রযোজ্য। শিক্ষক ছাড়াও প্রশিক্ষক, স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের আচরণবিধি মানতে হবে। প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের ক্ষেত্রেও উপযুক্ত সুরক্ষার ব্যবস্থা রাখতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে গোপন ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা যাবে না। অনুমতি ছাড়া উপহার গ্রহণ কিংবা কোনো শিক্ষার্থীকে বিশেষ সুবিধা দেওয়াও নিষিদ্ধ। একান্তে বৈঠক প্রয়োজন হলে খোলা বা দৃশ্যমান পরিবেশ বেছে নিতে হবে। বন্ধ কক্ষে আলোচনা অনিবার্য হলে আগেই ঝুঁকি মূল্যায়ন, তদারকি এবং লিখিত নথির ব্যবস্থা থাকতে হবে।
শিক্ষার্থীকে ঘিরে নির্যাতন বা অসদাচরণের আশঙ্কা দেখা দিলে সেই কর্মদিবসেই সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে। অভিযোগ যাচাই চলাকালে প্রয়োজন হলে কর্মীকে সাময়িকভাবে দায়িত্ব থেকেও সরানো যাবে। প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থী সুরক্ষার দায়িত্বে নির্দিষ্ট কর্মকর্তা ও পরিচালনা পর্যায়ে তত্ত্বাবধায়ক নিয়োগের বিধান রয়েছে। এর পেছনে রয়েছে বদলে যাওয়া শিক্ষাজগৎ। ব্যক্তিগত বার্তা, অনলাইন হয়রানি, প্রলোভন ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার শিক্ষার্থীদের জন্য নতুন ঝুঁকি তৈরি করেছে। অনেক প্রতিষ্ঠানে আগে থেকেই পৃথক সুরক্ষানীতি থাকলেও এবার গোটা বেসরকারি খাতে একক মানদণ্ড চালু হচ্ছে।
কিছু বাধ্যবাধকতা অবিলম্বে প্রযোজ্য। বাকি ব্যবস্থা বাস্তবায়নে প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ১২ মাস সময় পাবে। ২০২৭ সালের প্রথম প্রান্তিকে অভিযোগ ব্যবস্থাপনার নতুন ব্যবস্থা ও প্রশিক্ষণ চালুর পরিকল্পনা রয়েছে।



