সৌদির কিছু এলাকা ‘দখল’ করেছে হুতিরা, আর কী জানালেন কার্লসন

ছবি: রয়টার্স
ইয়েমেনের হুতিরা সৌদি আরবের কিছু এলাকা ‘দখল’ করে রেখেছে। এমন দাবি করেছেন রক্ষণশীল মার্কিন পডকাস্টার টাকার কার্লসন। যুদ্ধের এ পরিস্থিতি নিয়ে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশ করা হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।
সোমবার প্রকাশিত এক পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে উইখার্টের সাক্ষাৎকার নেওয়ার সময় কার্লসন বললেন, ‘হুতিরা এখন সৌদি রাজতন্ত্রের জন্য সত্যিকারের হুমকি হয়ে উঠেছে।’
তার ভাষ্য, ‘তারা এখন সৌদি আরবের কিছু অংশ দখল করে রেখেছে... মার্কিন গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হচ্ছে কি না, আমি জানি না। তবে এটি একটি বাস্তব ঘটনা। এটি খুবই বড় একটি বিষয়।’
কার্লস বললেন, ‘এ মুহূর্তে সৌদি ভূখণ্ডে হুতিদের সেনা রয়েছে।’
সৌদি আরবের ভূখণ্ডে হুতিদের ‘দখল’ সম্পর্কে তথ্য কোথা থেকে পেয়েছেন, তা কার্লসন জানাননি। তবে এ গণমাধ্যম ব্যক্তিত্ব প্রায়ই উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলেন।
ফিন্যান্সিয়াল টাইমস অক্টোবরে জানিয়েছিল, কার্লসন ‘ভূমধ্যসাগরে কয়েকজন আরব উপসাগরীয় রাজপরিবারের সদস্যের বিলাসবহুল ইয়টে’ গিয়েছিলেন। সাক্ষাৎকারে কার্লসন দাবি করেন, চলতি সপ্তাহেই উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি।
মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলোর সমালোচনা করে আসছেন কার্লসন। তবে তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বন্ধু।
ইরান ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেও উইখার্টকে কার্লসন বলেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন তিনি।
‘হুতিদের অনুপ্রবেশ’
কার্লসনের এ দাবি গত ২ নভেম্বর মিডল ইস্ট আইয়ের এক বিশেষ প্রতিবেদনের পর সামনে এসেছে। ওই প্রতিবেদনে পশ্চিমা ও আরব কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছিল, হুতিরা সৌদি আরবে অভিযান চালাচ্ছে। সূত্রগুলো জানিয়েছিল, এসব অভিযান অক্টোবরে চালানো হয়েছিল। তবে হুতিরা এখনো সৌদি ভূখণ্ডের কোনো অংশ দখলে রেখেছে কি না, তা নিশ্চিত করেনি তারা।
ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের দুর্গম সীমান্ত এলাকায় সাংবাদিকদের প্রবেশ কার্যত নিষিদ্ধ। ওই অঞ্চলে পাহাড় ও বিস্তীর্ণ মরুভূমি রয়েছে। ইয়েমেনে সর্বশেষ সংঘাতের সময় হুতিদের সৌদি আরবে সীমান্ত পেরিয়ে হামলার পর ওই এলাকার অনেক গ্রাম উচ্ছেদ করা হয়েছিল।
হুতিদের সঙ্গে সৌদি আরব-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের লড়াই মূলত ইয়েমেনের অভ্যন্তরেই চলছে। হুতিরা সরকারটির অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে।
তবে সৌদি আরবের ভূখণ্ড নিয়ে নিজেদের দাবি প্রকাশ্যেই জানিয়ে আসছে হুতিরা। সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আসির, জাজান ও নাজরান প্রদেশকে নিজেদের বলে দাবি করে তারা। ১৯৩৪ সালের তাইফ চুক্তির মাধ্যমে এসব অঞ্চল ইয়েমেন সৌদি আরবের কাছে ছেড়ে দিয়েছিল।
সৌদি আরবের সীমান্তের দক্ষিণে পাহাড়ি অঞ্চল ইয়েমেনের সাদা গভর্নরেটে হুতিদের উত্থান ঘটে।
প্রতিষ্ঠাতা হুসেইন বদরেদ্দিন আল-হুতির নাম অনুসারে আন্দোলনটির নামকরণ করা হয়েছে। হুতিরা শিয়া ইসলামের জায়দি মতাবলম্বী। ইয়েমেনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে তারা নিয়োগ দেয়। তবে তাদের শীর্ষ নেতৃত্ব নিজেদের হাশেমি বংশোদ্ভূত বলে দাবি করে, যার মাধ্যমে তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বংশের সঙ্গে নিজেদের সম্পর্কের কথা তুলে ধরে।
কার্লসন আরও বলেন, ইরান ছাড়াও অন্য কোনো পক্ষ হুতিদের যুদ্ধে সহায়তা করছে বলে তিনি মনে করেন। এসব পক্ষ সৌদি আরবকে দুর্বল দেখতে চায়।
তিনি বললেন, ‘হুতিদের নিয়ন্ত্রণ করছে কে, তা নিয়ে প্রশ্ন জাগে। হুতিদের ওপর ইরানের ব্যাপক প্রভাব রয়েছে বলে আমি মনে করি। কিন্তু তাদের পেছনে কি শুধু ইরানই রয়েছে?’
হুতিদের কারা সহায়তা করছে, সে বিষয়ে কার্লসন কোনো পক্ষের নাম উল্লেখ করেননি। তবে ড্রপসাইট নিউজ অক্টোবরে জানিয়েছিল, ইয়েমেনের সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত কিছু গোষ্ঠী গোপনে হুতিদের লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা করছে।
সূত্র: মিডলইস্ট আই





