ইসরায়েল
হামাসকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করবেন আরব নেতা আব্বাস, ‘অভিনয়’ বলছে নেতানিয়াহুর দল

মনসুর আব্বাস— রয়টার্স
ইসরায়েলের আরব দল রা’আম পার্টির চেয়ারম্যান মনসুর আব্বাস প্রকাশ্যে হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছেন। ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে এমনটাই। এই ঘোষণা হলে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট সরকারে তার দলের যোগ দেওয়ার পথ খুলতে পারে। তবে আইজেনকোটের এই পরিকল্পনার খবরকে উপহাস করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে চ্যানেল ১২-তে এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেবেন আব্বাস।
চ্যানেল ১২-তে প্রকাশিত আব্বাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শনিবার রাতে চ্যানেল ১২ নিউজে সাংবাদিক ডানা ওয়েইসের সঙ্গে আমার সাক্ষাৎকার প্রচারিত হবে। সেখানে আমি হামাসের সংজ্ঞা নিয়ে কথা বলব।’
তিনি আরও বলেন, সংবাদমাধ্যমের প্রতিবেদন যেন ‘সাক্ষাৎকারে আমার বলা কথাগুলো নিয়েই হয়, আমাকে উদ্ধৃত করে অন্য কোনো কথা বলা না হয়’।
এদিকে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মিত্রদের অভিযোগ, জ্যেষ্ঠ এই আরব রাজনীতিকের ঘোষণার একমাত্র উদ্দেশ্য গাদি আইজেনকটকে ধোঁকা দেওয়া এবং দেশকে দুর্বল করা।
লিকুদ এক বিবৃতিতে বলেছে, ‘এই মুহূর্তে ইসরায়েলের জনগণ মনসুর আব্বাসের একটি ফাঁপা অভিনয় দেখতে যাচ্ছে, যার চিত্রনাট্য লিখেছে বামপন্থী জোট।’
বিবৃতিতে দাবি করা হয়, আব্বাস এমন একটি সংগঠনের প্রধান, যার সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সম্পর্ক রয়েছে। সংগঠনটি ‘এই নীতিতে বিশ্বাস করে যে অবিশ্বাসীদের পরাজিত করতে তাদের সঙ্গে মিথ্যা বলা যায়’।
বিবৃতিতে আরও বলা হয়, ‘এখন তিনি যেকোনো কথা বলবেন, যাতে বামপন্থীরা তার ওপর নির্ভরশীল একটি ধ্বংসাত্মক সরকার গঠনের দিকে ছুটতে পারে।’ এখানে মধ্যপন্থী গাদি আইজেনকটের নেতৃত্বাধীন নেতানিয়াহুবিরোধী জোটের কথা বলা হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়, আইজেনকটের সরকার এমন দলগুলোর সঙ্গে অংশীদারত্ব করবে, যারা ‘ভেতর থেকে ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করতে চায়’।
আব্বাস এর আগে বলেছিলেন, পরবর্তী সরকার গঠনকারী জোটে তার দলকে দেখতে চান তিনি। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত সরকারে ছিল তার দল—যা কোনো আরব দলের জন্য বিরল ঘটনা। গত মাসের নির্বাচনের আগে ইহুদি প্রার্থী ইয়োয়াভ সেগালোভিৎস রা’আমের সঙ্গে নির্বাচনে অংশ নেন। দলের সমর্থনভিত্তি বাড়ানো এবং সরকারে ভূমিকা রাখার আগ্রহ জানানোর লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছিল।
এখন পর্যন্ত সেই লক্ষ্য অর্জনের বড় বাধা ছিল হামাসকে স্পষ্টভাবে সন্ত্রাসী গোষ্ঠী বলতে আব্বাসের অস্বীকৃতি। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা করেছেন, যার মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলাও রয়েছে। তবে তিনি বলেছেন, সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা না দিলে তিনি ‘সেতুবন্ধ’ হিসেবে ভূমিকা রাখতে পারেন এবং তার পরিবারও বিপদ থেকে সুরক্ষিত থাকে।
অন্য আরব নেতৃত্বাধীন দল জয়েন্ট লিস্টও প্রকাশ্যে হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেয়নি।
সরকার গঠনের জন্য আইজেনকটের হাতে আর মাত্র নয় দিন সময় রয়েছে। তিনি বলেছেন, তার জোটের প্রতিটি দলকে হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং সংগঠনটিকে ধ্বংস করার অঙ্গীকার করতে হবে।
আব্বাসের ঘোষণা এ শর্ত পূরণ করতে পারে। এতে আইজেনকটের নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার সুযোগ পাবে রা’আম। আইজেনকট তখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার মতো ভোটও পেতে পারেন।
রা’আম নেতার সঙ্গে চ্যানেল ১২-এর একান্ত সাক্ষাৎকারটি শনিবার সন্ধ্যায় প্রচারিত হওয়ার কথা। সাক্ষাৎকারের একটি প্রচারাংশে দেখা যায়, সাংবাদিক ডানা ওয়েইস ল্যাপটপের পর্দায় ঝাপসা করে দেওয়া একটি লেখার অর্থ নিশ্চিত করতে আব্বাসকে প্রশ্ন করছেন। পরে তিনি জিজ্ঞেস করেন, ‘আপনি যে পদক্ষেপ নিচ্ছেন, তাতে আপনার জীবন বিপন্ন হতে পারে—এই সম্ভাবনার সঙ্গে কি আপনি মানিয়ে নিয়েছেন?’
আব্বাস জবাব দেন, ‘হ্যাঁ, আমি মানিয়ে নিয়েছি।’
আসন্ন ঘোষণার বিষয়ে ওয়াইনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইজেনকটের সরকারে রা’আমের যোগ দেওয়া এখনো নিশ্চিত নয়। দলটি আইজেনকটের কাছে তাদের নীতিগত দাবিগুলো পূরণের শর্ত দিয়েছে। এর মধ্যে প্রধান হলো, আরব পৌরসভাগুলোতে অপরাধ দমন।
রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস বললেন, ‘আরব সম্প্রদায়ের অধিকার যেন প্রথম দিন থেকেই বিবেচনায় নেওয়া হয়, তা নিশ্চিত করতে পারলে সরকার গঠনে আমরাই বাধা হয়ে দাঁড়াব না।’
আইজেনকট অতি-ধর্মীয় ইহুদিদের দল ইউনাইটেড তোরাহ জুদাইজমের সঙ্গেও জোট গঠনের আলোচনা করছেন। তিনি ডেমোক্র্যাটস ও ইসরায়েল বেইতেনু দলের সঙ্গে জোট চুক্তি সই করেছেন। বিরোধী দলের আরেকটি অংশ, বি’ইয়াখাদ, তার সঙ্গে সমমনা বলে বিবেচিত।
সূত্র: টাইমস অব ইসরায়েল






