মার্কিন ক্রু উদ্ধার অভিযান ব্যার্থ হয়েছে দাবি ইরানের

সংগৃহীত ছবি
ইসফাহানের দক্ষিণে যুক্তরাষ্ট্রের একটি উদ্ধার অভিযান ব্যর্থ হয়েছে এবং এই অভিযানের সময় একাধিক মার্কিন সামরিক বিমান ধ্বংস হয়েছে বলে ইরান দাবি করেছে।
রবিবার এক বিবৃতিতে ইরানের খাতাম আল-আনবিয়া যৌথ সামরিক সদর দপ্তরের মুখপাত্র জানান, ভূপাতিত একটি বিমানের পাইলটকে সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরিচালিত এই অভিযান ইরানি বাহিনী প্রতিহত করেছে।
তিনি বলেছেন, ‘ইসফাহানের দক্ষিণে একটি পরিত্যক্ত বিমানঘাঁটিতে ভূপাতিত পাইলটকে উদ্ধারের অজুহাতে দ্রুত উদ্ধার ও বিভ্রান্তিমূলক পরিকল্পনার অংশ হিসেবে পরিচালিত কথিত মার্কিন অভিযানটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সময়োপযোগী উপস্থিতির কারণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’
তিনি দাবি করেন, এই সংঘর্ষে দুটি মার্কিন সি-১৩০ সামরিক পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়েছে।
বিবৃতিতে এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য ধারাবাহিক ব্যর্থতার অংশ হিসেবে তুলে ধরা হয় এবং ওয়াশিংটনের বিরুদ্ধে পরিস্থিতি সম্পর্কে জনমত বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র রবিবার জানিয়েছে, দক্ষিণ ইরানে ভূপাতিত একটি এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় এক বিমানবাহিনীর কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে, যিনি দুই দিন আগে ভূপাতিত হওয়া বিমানে ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লেখেন, ‘আমরা তাকে উদ্ধার করেছি!’
তিনি জানান, পাইলট আহত হয়েছেন ‘তবে তিনি ভালো থাকবেন।’
শুক্রবার এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। ঘটনাটির কয়েক ঘণ্টা পর উদ্ধার হওয়া পাইলট এবং বিমানের আরেক কর্মকর্তা ইজেক্ট করে বেরিয়ে যান এবং পাহাড়ি এলাকায় ইরানি বাহিনীর হাত থেকে আত্মগোপন করতে সক্ষম হন।
ট্রাম্প উল্লেখ করেন, ‘সামরিক ইতিহাসে এই প্রথম, শত্রু নিয়ন্ত্রিত গভীর এলাকায় পৃথকভাবে দুইজন মার্কিন পাইলটকে উদ্ধার করা হয়েছে।’
তিনি দ্বিতীয় বিমানসেনাকে উদ্ধারের অভিযানকে ‘অলৌকিক’ বলে উল্লেখ করে জানান, ‘বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত ডজনখানেক বিমান মোতায়েন করা হয়েছিল তাকে ফিরিয়ে আনতে।’















