ইসরায়েলের স্পিকারকে সরাতে নেতানিয়াহু বিরোধীদের জোট

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের বর্তমান স্পিকার আমির ওহানা। ফাইল ছবি/ সংগৃহীত
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের বর্তমান স্পিকার আমির ওহানাকে সরাতে একজোট হচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী দলগুলো। আগামী মাসে নতুন নেসেটের শপথের পরপরই তাকে সরানোর পরিকল্পনা করা হচ্ছে।
শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওহানা নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতা। তাকে সরাতে বিরোধী ‘চেঞ্জ ব্লক’ আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন নিতে পারে।
চেঞ্জ ব্লকের ইয়াশার, বিয়াচাদ, দ্য ডেমোক্র্যাটস ও ইসরায়েল বেইতেনুর সঙ্গে জয়েন্ট লিস্ট ও রা’আমের মোট আসন ৬৭। ১২০ আসনের নেসেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন। ফলে একসঙ্গে ভোট দিলে ওহানাকে সরানোর মতো প্রয়োজনীয় সংখ্যা তাদের রয়েছে।
চ্যানেল ১২-এর রাজনৈতিক বিশ্লেষক বারাক সেরি জানিয়েছেন, ওহানাকে সরানোর বিষয়ে এরই মধ্যে সমঝোতা হয়েছে। নতুন স্পিকার হিসেবে কাকে বেছে নেওয়া হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের নাম বিবেচনা করা হচ্ছে বলে কয়েকটি প্রতিবেদনে জানানো হয়েছে।
দ্য ডেমোক্র্যাটসের চেয়ারম্যান ইয়ার গোলান জানিয়েছেন, নতুন নেসেটের শপথের পর তাদের প্রথম কাজ হবে নতুন স্পিকার নির্বাচন করা।
২৬তম নেসেট আগামী ১০ নভেম্বর শপথ নেবে। সেরির তথ্য অনুযায়ী, সেদিনই নতুন স্পিকার নির্বাচনের জন্য ভোট হতে পারে। নতুন সরকার গঠন নিয়ে আলোচনা শেষ না হলেও স্পিকার পরিবর্তনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে এ পরিকল্পনায় একটি বাধা হতে পারেন ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান। আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সহযোগিতায় আপত্তি রয়েছে তার।
ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, লিবারম্যান ওহানাকে সরানোর পক্ষে ভোট দিতে রাজি না হলে তার দলের সদস্যদের ভোটদানে বিরত থাকার অনুরোধ করছেন অন্য বিরোধী নেতারা। সেক্ষেত্রে আরব দলগুলোর সমর্থন নিয়ে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় নতুন স্পিকার নির্বাচনের সুযোগ থাকবে।
এ বিষয়ে আলোচনা করতে শনিবারই লিবারম্যান ও লাপিদের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে চ্যানেল ১২।
সূত্র : টাইমস অব ইসরায়েল




