ধ্বংস থেকে বাঁচতে চাইলে পুরো গাজা দখল করতে হবে : ইসরায়েলি মন্ত্রী

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির। ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও বাড়ানোর পক্ষে ব্যক্তিগত উচ্চাভিলাষী মনোভাব প্রকাশ করেছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির। তিনি বলেছেন, গাজা সব সময়ই আমাদের ছিল।
আজ শুক্রবার সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। মার্কিন সাময়িকী টাইমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন দেশটির নিরাপত্তামন্ত্রী।
বেন গাভির বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো গাজা দখল করা প্রয়োজন।
একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অভিবাসনের পক্ষেও মত দিয়েছেন তিনি।
বেন গাভির আরও বলেছেন, ইসরায়েল যদি ধ্বংসের হাত থেকে বাঁচতে চায়, তাহলে পুরো গাজা দখল করতে হবে।
তার ভাষ্য, গাজা একটি সুন্দর জায়গা। সেখানে উপকূলীয় পর্যটন এলাকা গড়ে তোলা সম্ভব। তবে সেখানে হামাসের একজন সদস্যও থাকতে পারবেন না।
গাজাকে নিজেদের ভূখণ্ড দাবি করে বেন গাভির বলেছেন, ইসরায়েল একটি ছোট দেশ। তাই দেশটির ভূখণ্ড আরও বিস্তৃত করা প্রয়োজন।
অধিকৃত পশ্চিম তীরের বিষয়ে তার বক্তব্য, সেখানে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অভিবাসনের ব্যবস্থাও চান তিনি।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) অস্ত্র কেড়ে নেওয়ার পক্ষেও মত দিয়েছেন এ ইসরায়েলি মন্ত্রী।
তার অভিযোগ, জেরিকোতে পিএর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বেন গাভিরের দাবি, তারা আবারও ৭ অক্টোবরের মতো হামলা চালাতে চান।
সূত্র : আল জাজিরা





