ইসরায়েলের দুটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ছবি : সংগৃহীত
তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই পাল্টাপাল্টি হামলার মধ্যে এবার ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ নামের দুটি বিমানঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটি লক্ষ্য করে এই পাল্টা হামলা চালিয়েছে।
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহশহরে অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে।
ইসরায়েলি হামলার পর ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানায়, তেহরানে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। আর ইসফাহান, কারাজ ও তাবরিজ শহরে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আরও জানিয়েছে, সোমবার ভোরের এই হামলায় ইসরায়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বেশ কিছু এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়। এতে লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি শুরু করেন।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা অন্তত তিনটি ব্যারেজের ক্ষেপণাস্ত্র আকাশেই রুখে দিয়েছে। উত্তরের আকাশেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল ইন্টারসেপ্ট করেছে।
সূত্র : এনডিটিভি





