লোহিত সাগরে গুরুত্বপূর্ণ আরও দুই দ্বীপ দখলে নিল হুতিরা

লোহিত সাগরে দ্বীপ দখলের পর কয়েকজন সশস্ত্র হুতি সদস্যের উল্লাস। ছবি : সংগৃহীত
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগরে আরও দুটি গুরুত্বপূর্ণ দ্বীপ দখল করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। সোমবার ইয়েমেন সরকার ও হুতিদের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এর ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে হুতিদের নিয়ন্ত্রণ আরও শক্ত হয়েছে।
গ্রেটার হানিশ ও লেসার হানিশ দ্বীপ দখলের ঘটনা ঘটেছে বাব আল-মান্দাব প্রণালির কাছে। সৌদি-সমর্থিত সরকারি বাহিনী গত সপ্তাহে হুতিদের দ্রুত অগ্রযাত্রার পর পাল্টা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যেই দ্বীপ দুটি দখল করে হুতিরা।
বাব আল-মান্দাব প্রণালি বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ। হরমুজ প্রণালির বিকল্প পথ হিসেবেও এটি গুরুত্বপূর্ণ।
নতুন করে দ্বীপ দুটি দখলের ফলে লোহিত সাগর দিয়ে সৌদি আরবের তেল পরিবহনে হুমকি আরও বাড়ল। হরমুজ প্রণালিতে ইরানের হামলার কারণে সৌদি আরব লোহিত সাগরকে তেল পরিবহনের বিকল্প পথ হিসেবে ব্যবহার করছে।
সৌদি আরবের তেল অবকাঠামো ও লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলা বিশ্ববাজারে তেল সরবরাহ ও দামের ওপর চাপ বাড়াচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের ওপরও চাপ কমতে পারে এবং আলোচনায় দেশটি বাড়তি সুবিধা পেতে পারে।
নতুন এই দখলের আগে গত সপ্তাহে হুতিরা মূল ভূখণ্ডের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা এবং বাব আল-মান্দাব প্রণালির ভেতরে থাকা মায়ুন দ্বীপ দখল করে। তাদের অগ্রযাত্রায় বাব আল-মান্দাবের অপর পাশে জিবুতিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিও হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকার মাত্র ৩২ কিলোমিটার দূরে চলে এসেছে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনী শুরুতে খুব বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তবে সপ্তাহান্তে তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করেছে। ইয়েমেনের সামরিক বাহিনী রবিবার রাতে জানিয়েছে, তারা প্রণালির উত্তরে কৌশলগত শহর ধুবাবের দিকে এগিয়েছে।
এ বছরের জুলাই থেকে নতুন করে এই লড়াইয়ের কারণে ইয়েমেন আবারও পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির কারণে গত তিন বছর ধরে দেশটিতে মোটামুটি শান্তি বজায় ছিল।
সূত্র : এবিসি




