আবার ইরানে হামলার পরিকল্পনায় ইসরায়েল

ছবি: রয়টার্স
ইরানকে লক্ষ্য করে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে অথবা এককভাবে এ অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দাবি করেছে একটি ইসরায়েলি সংবাদমাধ্যম।
সোমবার ইসরায়েলি সংবাদপত্র ইসরায়েল হায়োম জানিয়েছে, ইরানে সম্ভাব্য হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে গোয়েন্দা ও সামরিক পর্যায়ে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখছে তারা।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইরান হামলা চালালে তার জবাব দেওয়া কিংবা আগাম হামলা চালানোর প্রস্তুতিও নিচ্ছে ইসরায়েল। তবে নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা তুলনামূলক কম বলে মূল্যায়ন করা হয়েছে।
ইরানের পরমাণু কর্মসূচিকে এখনো ইসরায়েল বড় দুশ্চিন্তার বিষয় হিসেবে দেখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালা রবিবার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সম্ভাবনার মধ্যে আগামী কয়েক সপ্তাহে ইসরায়েলে আরও সেনা ও সামরিক বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।
নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়ালা জানিয়েছে, বর্তমানে ইসরায়েল জুড়ে প্রায় ৩ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তাদের মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনাকারী সেনা, পাইলট, সহায়ক কর্মী ও রসদ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সদস্যরা রয়েছেন।
সীমান্ত থেকে হাজার কিলোমিটার দূরে পালিয়েছে মার্কিন বাহিনী, দাবি ইরানি কমান্ডারের
০৫ অক্টোবর ২০২৬
প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহে আরও মার্কিন সেনা ও সামরিক বিমান ইসরায়েলে পৌঁছাতে পারে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করতে চায় ওয়াশিংটন।
ওয়ালা আরও জানিয়েছে, ইরানের সঙ্গে নতুন করে সংঘাতের সম্ভাবনা অথবা আঞ্চলিক উত্তেজনা দ্রুত বেড়ে যাওয়ার পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলি সেনাবাহিনী প্রস্তুতি অব্যাহত রেখেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখা হচ্ছে।
এ পরিস্থিতির মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রবিবার জানিয়েছেন, তেহরান কূটনীতির মাধ্যমে একটি ‘ন্যায্য সমাধান’ খুঁজতে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত।
সেপ্টেম্বরের শেষ দিকে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে সাতটি শর্ত দেয় ইরান।
আরাগচি জানিয়েছেন, এসব শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে প্রণালিটি আবার খুলে দেওয়া সম্ভব।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে জানিয়েছেন, ওয়াশিংটন ইরানের এসব শর্ত গ্রহণ করেনি। এর ফলে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতিও অব্যাহত রয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর




