সুদানে গৃহযুদ্ধের বলি প্রতিবন্ধী শিশুদের শিক্ষাজীবন

চার বছর বয়সী মুজান আবদেলরহমানের এখন স্কুলে যাওয়ার প্রস্তুতি নেওয়ার কথা। সহপাঠীদের সঙ্গে তারও শুরু হওয়ার কথা নতুন এক শিক্ষাজীবন। কিন্তু শ্রবণপ্রতিবন্ধী মুজানের সেই স্বপ্ন এখন অনিশ্চিত। যুদ্ধবিধ্বস্ত সুদানে তার জন্য প্রয়োজনীয় বিশেষায়িত শিক্ষা ও পুনর্বাসনসেবার ব্যবস্থা নেই।
২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে যুদ্ধ শুরু হয়। তখন মুজানের বয়স ছিল মাত্র কয়েক মাস। পরিবারের আশা ছিল, যুদ্ধ দ্রুত শেষ হবে। প্রয়োজনীয় সহায়তা নিয়ে স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠতে পারবে মুজান। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দীর্ঘ হয়েছে যুদ্ধ। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে মানবিক সংকট। বন্ধ হয়ে গেছে মুজানের মতো প্রতিবন্ধী শিশুদের জন্য প্রয়োজনীয় বিশেষায়িত শিক্ষা ও পুনর্বাসনকেন্দ্রগুলো।
মুজানের মা আবির ওসমান আল–জাজিরাকে বলেন, ‘এই বয়সে আমার মেয়ের প্রশিক্ষণ ও নিয়মিত পরিচর্যা প্রয়োজন। আমি বাড়িতে তাকে সাহায্য করার চেষ্টা করি। কিন্তু আমি বিশেষজ্ঞ নই। তাই তার প্রয়োজনীয় পুনর্বাসনসেবা বা শিক্ষার উপকরণ দিতে পারি না।’
মেয়ের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার সবচেয়ে বেশি ভয় হয়, যোগাযোগ করতে ও নিজের মনের কথা প্রকাশ করতে। যদি সে শেখার গুরুত্বপূর্ণ সময়গুলো কোনো শিক্ষা ছাড়াই পার হয়ে যায়।’
মুজানের পরিবারের অভিজ্ঞতা সুদানে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। যুদ্ধের কারণে দেশটির বিভিন্ন এলাকায় প্রতিবন্ধী শিশুরা শিক্ষা ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। ধ্বংস হয়ে গেছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। বাস্তুচ্যুত হয়েছে অসংখ্য পরিবার। সব মিলিয়ে সবচেয়ে বেশি অনিশ্চয়তার মুখে পড়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ভবিষ্যৎ।
১৪ বছর বয়সী মোহাম্মদ আহমেদেরও শারীরিক প্রতিবন্ধিতা রয়েছে। তার জন্য স্কুলে যাওয়াই শুধু কঠিন নয়, স্কুলে পৌঁছানোর পর চলাফেরা করাও বড় চ্যালেঞ্জ। শ্রেণিকক্ষে যাওয়ার প্রবেশপথ ও সিঁড়ি প্রতিবন্ধীবান্ধব না হওয়ায় অন্যের সাহায্য নিতে হয় তাকে।
মোহাম্মদ আল–জাজিরাকে বলে, ‘আমি আমার সহপাঠীদের মতো পড়াশোনা চালিয়ে যেতে চাই। কিন্তু শ্রেণিকক্ষে পৌঁছানো এবং এক কক্ষ থেকে অন্য কক্ষে যাতায়াত করতে আমাকে সমস্যায় পড়তে হয়। সবচেয়ে বেশি হতাশ লাগে এই ভেবে যে আমি শিখতে চাই, কিন্তু স্কুলের পরিবেশ সব সময় সেই সুযোগ দেয় না।’
সে আরও বলে, ‘আমি চাই না আমার প্রতিবন্ধিতা আমাকে শিক্ষা থেকে বঞ্চিত করুক কিংবা ভবিষ্যতের সুযোগ সীমিত করে দিক। আমি এমন একটি স্কুল চাই, যেখানে নিজের মর্যাদা বজায় রেখে স্বাধীনভাবে শ্রেণিকক্ষ ও অন্যান্য সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারব।’
শিক্ষার বাইরে আটকে পড়ছে একটি প্রজন্ম
যুদ্ধের কারণে সুদানের লাখ লাখ শিশুর শিক্ষাজীবন থমকে গেছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের তথ্য অনুযায়ী, দেশটিতে স্কুলে যাওয়ার বয়সী অন্তত ৮০ লাখ শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। গত আগস্ট পর্যন্ত দেশটির প্রায় ৩০ শতাংশ স্কুল বন্ধ ছিল। এর মধ্যে প্রায় ১ শতাংশ স্কুল বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
তবে প্রতিবন্ধী শিশুদের জন্য পরিস্থিতি আরও কঠিন। যুদ্ধ শুরুর আগে সুদানে প্রতিবন্ধী শিশুদের জন্য ২৩০টির বেশি স্কুল ছিল। ইউনিসেফ বলছে, যুদ্ধের পর এসব স্কুলের অনেকগুলোই বন্ধ হয়ে গেছে। তবে হালনাগাদ তথ্য না থাকায় ঠিক কতটি স্কুল বন্ধ হয়েছে, তা জানা যায়নি।
এ বিষয়ে মন্তব্য জানতে আল–জাজিরা সুদান সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।
৮ বছর বয়সী আলী হাসানের মা আয়েশা আব্বো মনে করেন, যুদ্ধ তার ছেলের কাছ থেকে কেড়ে নিয়েছে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ। ডাউন সিনড্রোমে আক্রান্ত আলী যুদ্ধ শুরুর আগে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি বিশেষায়িত স্কুলে পড়ত। সেখানে পড়াশোনার পাশাপাশি যোগাযোগ ও সামাজিক দক্ষতা বিকাশের জন্য প্রয়োজনীয় সহায়তা পেত সে। এসব সেবা সরকারিভাবে দেওয়া হতো। কিন্তু এখন সেই প্রতিষ্ঠানগুলো বন্ধ। অন্যদিকে, বেসরকারি কেন্দ্রগুলোর ব্যয় বহন করা সম্ভব নয়।
আয়েশা বলেন, ‘খার্তুমে যুদ্ধ শুরু হওয়ার পর আমরা আর ছেলের পড়াশোনার খরচ চালাতে পারিনি। আমরা সরকারের কাছে প্রতিবন্ধী শিশুদের প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। বিশেষায়িত কেন্দ্রগুলো আবার চালু করতে হবে এবং প্রয়োজনীয় শিক্ষক, বিশেষজ্ঞ ও শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘যুদ্ধ শেষ হয়ে জীবন আবার স্বাভাবিক হওয়া পর্যন্ত এই শিশুদের অপেক্ষায় রাখা যাবে না। শিক্ষা ও প্রশিক্ষণ ছাড়া প্রতিটি দিন তাদের বিকাশ ও সক্ষমতার ওপর প্রভাব ফেলে।’
খার্তুমের উসরাতুনা সুদানিজ অ্যাসোসিয়েশন ফর চিলড্রেন উইথ ডিজঅ্যাবিলিটিজেও যুদ্ধের ভয়াবহ প্রভাব পড়েছে। যুদ্ধ শুরুর প্রথম দিকে গোলাবর্ষণে প্রতিষ্ঠানটির স্থাপনাগুলোর একাংশ ক্ষতিগ্রস্ত হয়। একটি গোলা আঘাত হানে শ্রেণিকক্ষে। ভবন ক্ষতিগ্রস্ত হওয়া এবং প্রয়োজনীয় সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম আবার শুরু করা কঠিন হয়ে পড়েছে।
প্রতিষ্ঠানটির প্রকল্প ব্যবস্থাপক ও পরিচালকের প্রতিনিধি বদর আল-দিন তৌফিক বলেন, যুদ্ধ, অর্থায়নের সংকট এবং স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পুনর্বাসন ও সহায়তামূলক অধিকাংশ কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
মার্কিন এফ-১৬ ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, সব যুদ্ধবিমান নিরাপদ বলল যুক্তরাষ্ট্র
২২ নভেম্বর ২০২৬
তিনি আল–জাজিরাকে বলেন, ‘বর্তমানে আমরা অধিকাংশ সেবা দিতে পারছি না। শিশুদের নিবন্ধন করছি এবং তাদের তথ্য সংগ্রহ করছি। কিন্তু অর্থায়ন না থাকায় পরিবারের চাহিদা পূরণ করতে পারছি না। প্রতিষ্ঠানটির ভবন সংস্কার করা প্রয়োজন। শ্রেণিকক্ষগুলোও নিরাপদ নয়। পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জামও আমাদের নেই।’
তৌফিক জানান, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, আচরণগত সহায়তা ও বৃত্তিমূলক পুনর্বাসনের জন্য প্রতিষ্ঠানটিতে ১০০টির বেশি শিশুর নিবন্ধন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন পরিবার শ্রবণযন্ত্র ও এর ব্যাটারির জন্য আবেদন করেছে।
পুনর্বাসনের অপেক্ষায় হাজারো শিশু
অর্থায়নের প্রয়োজন হয় না, এমন কিছু কার্যক্রম এখনো চালু রেখেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে মনোসামাজিক সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রম। এ ছাড়া ওমদুরমানের দার আল-সালাম এলাকায় প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুদের জন্য পরিচালিত সমন্বিত কিন্ডারগার্টেনটি এখনো চালু রয়েছে।
তবে খার্তুমে প্রতিষ্ঠানটির অধিকাংশ কার্যক্রম বন্ধ। মধ্য দারফুরের জালিঙ্গেই ও ব্লু নাইল রাজ্যে তাদের শাখাগুলোও আর চালু নেই।
সুদানিজ কোয়ালিশন ফর এডুকেশন ফর অল-এর মহাপরিচালক নাগি মানসুর বলেন, যুদ্ধ শুরুর আগেও প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। দুর্বল অবকাঠামো, বিশেষায়িত স্কুল ও প্রশিক্ষিত শিক্ষকের সংকট এবং প্রতিবন্ধীবান্ধব পাঠ্যক্রমের অভাব ছিল অন্যতম সমস্যা। এ ছাড়া ব্রেইল পদ্ধতির শিক্ষা উপকরণ ও সাংকেতিক ভাষায় পাঠদানের প্রয়োজনীয় সরঞ্জামেরও ঘাটতি ছিল।
আল–জাজিরাকে তিনি বলেন, যুদ্ধের কারণে এসব সমস্যা আরও বেড়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বা ধ্বংস হয়ে গেছে, পরিবারগুলো বাস্তুচ্যুত হয়েছে এবং কিছু শিক্ষার্থী তাদের সহায়ক উপকরণ হারিয়েছে।
শিক্ষা থেকে ঝরে পড়া শিশুদের শনাক্ত করতে এবং তাদের প্রয়োজন মূল্যায়নে দেশব্যাপী জরিপ চালানোর আহ্বান জানিয়েছেন মানসুর। পাশাপাশি বিশেষায়িত শিক্ষা কেন্দ্রগুলো পুনর্বাসন, উপযোগী শিক্ষা উপকরণ সরবরাহ, ব্রেইল পদ্ধতির উপকরণ ও সাংকেতিক ভাষার দোভাষীর ব্যবস্থা এবং শিক্ষকদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
মানসুর বলেন, ‘প্রতিবন্ধী শিশুদের শিক্ষা গ্রহণ একটি মৌলিক অধিকার। তারা কেবল মানবিক সহায়তা পাওয়ার জন্য অপেক্ষমাণ কোনো জনগোষ্ঠী নয়। সুদানে শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের ভিত্তি হতে হবে ন্যায়বিচার, সমতা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। প্রতিবন্ধিতা কিংবা যুদ্ধ ও বাস্তুচ্যুতির পরিস্থিতির কারণে কোনো শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে।’





