‘আমি না থাকলে ইসরায়েল বলে কিছু থাকত না’

রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না থাকলে ‘ইসরায়েল থাকত না’। এমন মন্তব্য করেছেন তিনি নিজেই।
আজ বুধবার প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, নেতানিয়াহু তাকে ইরানে হামলা চালাতে ‘ফাঁদে ফেলেছিলেন’ কি না। জবাবে সমালোচকদের ‘শত্রু’ বলে উল্লেখ করেন ট্রাম্প।
তিনি বললেন, ‘আমিই তো এটা শুরু করেছি। কারণ আমরা তাদের পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারি না।’
ট্রাম্প আরও বলেছেন, ‘এটা ইসরায়েলের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ প্রথম আঘাতটা সম্ভবত তারাই পেত। তখন ইসরায়েল বলে কিছু থাকত না। আমি আপনাকে বলছি, আমি না থাকলে এখন ইসরায়েল থাকত না।’
তিনি দাবি করেন, ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিশ্বনেতাদের সঙ্গে ইরানের যে পারমাণবিক চুক্তি হয়েছিল, সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত ইসরায়েলের জন্য ছিল উপকারী।
২০১৮ সালে নিজের প্রথম মেয়াদে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপর ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ গড়ে তোলে, যা এখন ত্যাগ করার দাবি জানাচ্ছেন ট্রাম্প।
তবে ট্রাম্পের সমালোচকদের মতে, এখন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির আরও কাছাকাছি পৌঁছে গেছে এবং আগের চেয়ে ভালো কোনো চুক্তি করা ট্রাম্পের জন্য কঠিন হবে।
‘পড ফোর্স ওয়ান’ নামের ওই পডকাস্টে ট্রাম্প স্বীকার করেন নেতানিয়াহুকে ‘পাগল’ বলে গালি দিয়েছেন তিনি।
যদিও এরপর ট্রাম্প বলেছেন, তার ও নেতানিয়াহুর সম্পর্ক খুব ভালো।
একই পডকাস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি হয়েছে ইরান।




