ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সংগৃহীত ছবি
ঘুষ গ্রহণের অভিযোগে চীনের সাবেক বিচারমন্ত্রী তাং ইজুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে একটি চীনা আদালত। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের শিয়ামেন ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট জানায়, ২০০৬ থেকে ২০২২ সালের মধ্যে তাং ইজুন অবৈধভাবে ১৩ কোটি ৭০ লাখ ইউয়ানের বেশি (প্রায় ১ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার) মূল্যের সম্পদ গ্রহণ করেন। এ সময় তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করে কোম্পানি তালিকাভুক্তকরণ, ভূমি পুনঃক্রয়, ব্যাংক ঋণ ও বিভিন্ন মামলার নিষ্পত্তিসহ নানা ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে সুবিধা আদায় করেন।
আদালতের রায়ে বলা হয়, তাং ইজুনের কর্মকাণ্ড ঘুষ গ্রহণের অপরাধের শামিল এবং এতে “অত্যন্ত বড় অঙ্কের অর্থ” জড়িত ছিল, যা রাষ্ট্র ও জনগণের স্বার্থে “গুরুতর ক্ষতি” ডেকে এনেছে।
রায় অনুযায়ী, তাকে আজীবনের জন্য রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এবং তার সব ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চলমান ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবেই এই সাজা দেওয়া হলো। সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এই অভিযানের আওতায় পড়েছেন।
এদিকে, চীনের দুর্নীতিবিরোধী সংস্থা জানিয়েছে, জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী ওয়াং শিয়াংসির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, যা দায়িত্বে থাকা কোনো মন্ত্রীর বিরুদ্ধে তুলনামূলকভাবে বিরল পদক্ষেপ। গত মাসে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা জাং ইউশিয়ার বিরুদ্ধেও তদন্ত শুরুর কথা জানানো হয়।
৬৪ বছর বয়সী তাং ইজুন তার কর্মজীবন শুরু করেন পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে। সেখানে তিন দশকের বেশি সময় দায়িত্ব পালন করে তিনি প্রদেশটির কমিউনিস্ট পার্টির উপপ্রধান হন। পরে তিনি লিয়াওনিং প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২০ সালে বিচারমন্ত্রী নিযুক্ত হন।
২০২৪ সালের এপ্রিলে গুরুতর শৃঙ্খলা ও আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। একই বছরের শেষ দিকে তাকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়।
সূত্র : রয়টার্স, আনাদোলু এজেন্সি



