বিরল বৈঠকে ‘শান্তির অঙ্গীকার’ তিন নেতার

শেনজেনে কিলিন ভিলায় ত্রিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণের সময় ট্রাম্প, শি ও পুতিন— রয়টার্স
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার মার্কিন ও রুশ প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে একটি ‘শান্তিবিষয়ক যৌথ ঘোষণায়’ সম্মত হয়েছেন। এতে তারা আবারও অঙ্গীকার করেছেন, পারমাণবিক যুদ্ধে কখনোই জড়ানো উচিত নয়। এ তথ্য জানিয়েছে চীন ও রাশিয়া।
এ ঘোষণার মধ্য দিয়ে এশিয়ায় ট্রাম্পের তিন দিনের কূটনৈতিক সফর শেষ হলো। ইতিহাস গড়া ও শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতা করার বিষয়ে বারবার নিজের সাফল্যের দাবি করলেও সফর থেকে উল্লেখযোগ্য বাস্তব অর্জন খুব বেশি আসেনি।
বরং পুতিনের সঙ্গে ট্রাম্পের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ অব্যাহত রয়েছে।
যৌথ ঘোষণায় তিন নেতা জাতিসংঘের সংস্কার এগিয়ে নেওয়া, সব দেশের জন্য পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো এবং আন্তর্জাতিক আদালতে রাষ্ট্রীয় কর্মকর্তাদের যে দায়মুক্তি রয়েছে, তা বজায় রাখার অঙ্গীকার করেছেন।
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিন ও রাশিয়ার আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
পুতিন ও রাশিয়ার শিশু অধিকারবিষয়ক কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধে ইউক্রেনের শিশুদের বেআইনিভাবে নির্বাসন ও স্থানান্তরের অভিযোগ রয়েছে। অন্য পরোয়ানাগুলো ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের সময় সংঘটিত কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পর্কিত। মস্কো এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আরইউএসআইয়ের আন্তর্জাতিক পরিচালক জোনাথন ইল বললেন, ‘আন্তর্জাতিক নীতি ও আদালতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিষয়টিই সবচেয়ে আগ্রহ উদ্দীপক। বড় শক্তিগুলো সিদ্ধান্ত চাপিয়ে দেয়, আর ছোট শক্তিগুলো তার পরিণতি ভোগ করে।’
ইল আরও বলেছেন, পুতিন ‘আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা ফিরে পেয়েছেন এবং একঘরে অবস্থান থেকে বেরিয়ে এসেছেন।’ অন্যদিকে ট্রাম্প ‘এমন একটি ছবিতে জায়গা পেয়েছেন, যা তার কোনো প্রয়োজন ছিল না।’
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া ও ক্রেমলিন যৌথ ঘোষণাটি প্রকাশ করেছে। বৈঠক শেষে কোনো মন্তব্য না করেই যুক্তরাষ্ট্রে ফেরার বিমানে ওঠেন ট্রাম্প।
এর আগে বিশ্বের সবচেয়ে বড় তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতারা দক্ষিণ চীনের শেনজেন শহরে একটি হ্রদের পাশে বনঘেরা পাহাড়ের মধ্যে অবস্থিত ভিলার গোল টেবিলে বসে বৈঠকটিকে ঐতিহাসিক বলে বর্ণনা করেন।
সাংবাদিকদের বৈঠককক্ষ থেকে বের করে দেওয়ার আগে শি ও পুতিনকে উদ্দেশ করে ট্রাম্প বলছিলেন, ‘আমরা সত্যিই ইতিহাস গড়ছি। আলোচনার সুযোগ প্রত্যাখ্যান করে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি।’
ইউক্রেন, ইরান ও বাণিজ্য নিয়ে মতপার্থক্য
রাশিয়ার সঙ্গে ক্রিমিয়াকে যুক্ত করা গুরুত্বপূর্ণ একটি সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইউক্রেন যুদ্ধে নতুন ধাক্কা সামলে বৈঠকে যোগ দেন পুতিন। তিনি বললেন, ‘ইউক্রেন সংঘাতসহ আঞ্চলিক সংঘাত নিরসনে আমাদের দেশগুলোর অনেক অভিন্ন স্বার্থ রয়েছে।’
পুতিনের জন্য এ বৈঠক ছিল বড় ধরনের কূটনৈতিক সাফল্য। রাশিয়ার অর্থনীতির আকার চীনের অর্থনীতির মাত্র এক-দশমাংশ। এ ছাড়া নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অধিকাংশ প্রতিষ্ঠান পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাণিজ্য করতে পারছে না।
বার্লিনে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে ইউক্রেন এবং দেশটির প্রধান ইউরোপীয় মিত্রদের নেতাদের বৈঠকের কয়েক ঘণ্টা আগে শেষ হয় শেনজেনের এ সম্মেলন।
ট্রাম্প ও পুতিনের মতো শি সরাসরি ইউক্রেনের প্রসঙ্গ তোলেননি। তবে তিনি বলেছেন, ‘ইতিহাস আমাদের বলে, বড় শক্তিগুলো যখন সম্প্রীতির সঙ্গে বসবাস করে, তখন বিশ্বে শান্তি থাকে। আর বড় শক্তিগুলোর মধ্যে সংঘাত হলে বিশ্ব অস্থিরতায় নিমজ্জিত হয়।’
ইউক্রেন, ইরান, পারমাণবিক অস্ত্র ও বাণিজ্য নিয়ে তিন দেশের মধ্যে গভীর মতপার্থক্য রয়েছে। ফলে বৈঠক থেকে দীর্ঘস্থায়ী কোনো সমাধান আসবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত তিন নেতার এ বৈঠকে ছোট দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, বড় শক্তিগুলোর আলোচনায় তাদের স্বার্থ উপেক্ষিত হতে পারে।
যে কাইলিন ভিলায় তিন নেতা বৈঠক করেছেন, সেখানে অতীতেও বেশ কিছু সংবেদনশীল কূটনৈতিক বৈঠক হয়েছে। ভিলাটিতে যারা এসেছেন, তাদের মধ্যে রয়েছেন উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং-ইল, শি জিনপিংয়ের বাবা শি ঝংশুন এবং দালাই লামার প্রতিনিধিরা।
ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্প আলাদাভাবে শি ও পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। দুজনকেই বন্ধু বলে উল্লেখ করেন তিনি।
জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা
এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সম্মেলনে পৌঁছানোর সময় নিজের জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ অভ্যর্থনার কথা তুলে ধরেন ট্রাম্প। অন্য নেতাদের, এমনকি পুতিনের অভ্যর্থনার তুলনায় তার জন্য আয়োজন ছিল অনেক বেশি জমকালো। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কোনো আনুষ্ঠানিক অভ্যর্থনা ছাড়াই সেখানে পৌঁছান।
২০২৫ সালে তাকাইচি বলেছিলেন, তাইওয়ান নিয়ে চীনের কোনো পদক্ষেপে জাপানের ভূখণ্ডও হুমকির মুখে পড়লে দেশটি সামরিক বাহিনী মোতায়েন করতে পারে। তার ওই মন্তব্যের পর থেকে চীনের সঙ্গে জাপানের সম্পর্কের অবনতি হয়েছে। সম্মেলন জুড়ে অনেকটা একঘরে অবস্থানে থাকা তাকাইচি বলেন, তাইওয়ান নিয়ে জাপানের অবস্থান ১৯৭২ সাল থেকে বদলায়নি।
তাইওয়ান প্রসঙ্গে শি ট্রাম্পকে বলেন, দুই দেশের সম্পর্কের বড় ধরনের অবনতি এড়াতে যুক্তরাষ্ট্রকে ‘সঠিক কাজটি’ করতে হবে।
বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান শি। চীনের প্রেসিডেন্ট হওয়ার পর কোনো সফররত নেতাকে স্বাগত জানাতে এই প্রথম তিনি বিমানবন্দরে গেলেন। সেপ্টেম্বরে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্পের সঙ্গে সর্বশেষ সাক্ষাতের সময় মার্কিন প্রেসিডেন্টও একই ধরনের সৌজন্য দেখিয়েছিলেন। এ সময় দুই নেতা আলিঙ্গনও করেন।
ট্রাম্প বললেন, ‘তিনি একজন মহান প্রেসিডেন্ট, চীনের অন্যতম মহান প্রেসিডেন্ট। তিনি আগে কখনো কাউকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাননি।’ এ ঘটনাকে তিনি চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই ‘জয়’ বলে উল্লেখ করেন।
ট্রাম্প আরও বলেছেন, ‘শুধু তা-ই নয়, সেখানে ছিল জাঁকজমক, সৌন্দর্য, আড়ম্বর, হাজারো মানুষ, ছোট ছোট শিশু, সেনাসদস্য—সব মিলিয়ে অসাধারণ আয়োজন।’
পারমাণবিক অস্ত্র নিয়ে কঠিন আলোচনা
সম্মেলনে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণকে আলোচনার অন্যতম প্রধান বিষয় করার ব্যাপারে জোর দিয়েছিলেন ট্রাম্প। তবে অতীতে ওয়াশিংটন ও মস্কোর সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসতে বারবার আপত্তি জানিয়েছে চীন। দেশ দুটির পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার চীনের তুলনায় অনেক বড়।
বৈঠকের শুরুতে শি ও পুতিনকে ট্রাম্প বললেন, ‘পারমাণবিক অস্ত্র ছেড়ে দেওয়া সহজ কাজ নয়।’
চলতি মাসে বাণিজ্যবিষয়ক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পর ট্রাম্প ও শি বৈঠকে বসেন। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ হয়ে এনভিডিয়ার চিপ চীনে পাচার করা হচ্ছে—এমন খবর ঘিরে উত্তেজনাও বাড়ছে। এতে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ কতটা কার্যকর এবং উন্নত প্রযুক্তিতে চীনের প্রবেশাধিকার ভবিষ্যতে কেমন হবে, তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।





