রাজস্থানে পঞ্চায়েত ভোটে কংগ্রেসের জয়

রাজস্থানের গ্রামাঞ্চলে পঞ্চায়েত নির্বাচনে বড়সড় ধাক্কা খেল শাসক বিজেপি। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি— দুই স্তরের ভোটেই কংগ্রেসের কাছে পিছিয়ে পড়েছে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার দল। গত শুক্রবার ভোটগণনার পর প্রকাশিত রাজ্য নির্বাচন কমিশনের পরিসংখ্যানে দেখা যায়, পঞ্চায়েত সমিতির ৭ হাজার ৫২০টি ঘোষিত আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ৩ হাজার ৭৫৮টি। বিজেপির ঝুলিতে গেছে ২ হাজার ২১৩টি আসন। অর্থাৎ, দুই দলের ব্যবধান ১ হাজার ৫৪৫টি আসন।
জেলা পরিষদেও ছবিটা একই। ঘোষিত ১ হাজার ২৭১টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ৭৯৪টিতে, বিজেপি পেয়েছে ৩৫৭টি। ভোটের হারেও এগিয়ে কংগ্রেস। কংগ্রেস পেয়েছে ৪৩ দশমিক ৪ শতাংশ ভোট এবং বিজেপি ৩৭ দশমিক ৮ শতাংশ। প্রায় ১৩ লাখ ৯০ হাজার ভোটের ব্যবধান দুই দলের মধ্যে। ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ফল রাজ্যের বিরোধী দলকে রাজনৈতিকভাবে নতুন করে উৎসাহ জোগাবে বলে মনে করা হচ্ছে।
রাজস্থানের ৪১টি জেলার মধ্যে ৩৭টি জেলার গ্রামীণ স্থানীয় সংস্থার ভোটের গণনা হয়েছে। নির্বাচন হয়েছিল চার দফায়— ২২ অক্টোবর, ২৮ অক্টোবর, ৩ নভেম্বর এবং ১৪ নভেম্বর। ভোট হয়েছিল জেলা পরিষদের ১ হাজার ৪০৩টি ওয়ার্ড এবং ৪১৯টি পঞ্চায়েত সমিতির ৮ হাজার ২৪৫টি ওয়ার্ডে।
মোট ২৭ হাজার ৮৭২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কোটা, বারান, করৌলি ও শ্রীগঙ্গানগর জেলার ভোটগণনা পিছিয়ে ১৭ ডিসেম্বর করা হয়েছে।
জেলা পরিষদের ৩৭টির মধ্যে ২৩টিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পাঁচটিতে। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও কংগ্রেস ৪১৯টির মধ্যে ২২৯টিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, বিজেপি ৫১টিতে। নাগৌরে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি) উল্লেখযোগ্য ফল করেছে। ভারত আদিবাসী পার্টিও (বিএপি) কয়েকটি এলাকায় ভালো ফল করেছে।



