ভারতে বুলেট ট্রেনের যাত্রা শুরু ২০২৭ সালে, প্রথমে চলবে গুজরাটে

ভারতের প্রথম বুলেট ট্রেনের জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। ২০২৭ সালের শেষ প্রান্তিকে যাত্রী নিয়ে ছুটতে পারে দেশের প্রথম উচ্চগতির ট্রেন। তবে প্রথমদিন থেকেই মুম্বাই-আহমেদাবাদ পুরো পথে ট্রেন চলবে না। প্রথমে গুজরাটের সুরাট থেকে ভাপি পর্যন্ত পরিষেবা চালু হবে। পরে ধাপে ধাপে মুম্বাই পর্যন্ত পুরো পথ খুলে দেওয়া হবে। শুক্রবার (২০ নভেম্বর) সমাজমাধ্যম সাবস্ট্যাকে প্রকল্পের অগ্রগতির খতিয়ান তুলে ধরে এ কথা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
মুম্বাই-আহমেদাবাদ উচ্চগতির রেলপথের দৈর্ঘ্য ৫০৮ কিলোমিটার। গত সেপ্টেম্বর পর্যন্ত এই পথে ৪৫৬ কিলোমিটার স্তম্ভ নির্মাণ এবং ৩৭১ কিলোমিটার উড়ালপথ তৈরির কাজ শেষ হয়েছে। ২৯৯ কিলোমিটার এলাকায় বসানো হয়েছে ছয় লাখ শব্দরোধক দেওয়াল। ২০৬ কিলোমিটার উড়ালপথে স্থাপন করা হয়েছে ৯ হাজার ৩০০টি বিদ্যুৎ সরবরাহের খুঁটি। আটটি স্টেশনের মূল নির্মাণকাজ শেষ। চলছে শেষ পর্যায়ের সাজসজ্জা। সাবরমতি, সুরাট ও থানে—তিনটি ট্রেন রাখার ও রক্ষণাবেক্ষণের কেন্দ্রেও কাজ চলছে। চারটি পাহাড়ি সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হয়েছে।
এই প্রকল্পের সবচেয়ে কঠিন কাজগুলির একটি মহারাষ্ট্রের ২১ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ। এর সাত কিলোমিটার যাবে থানে ক্রিকের নিচ দিয়ে। এটিই ভারতের প্রথম সমুদ্রতলের রেল সুড়ঙ্গ। গত জুলাইয়ে ভিখরোলি ও সাওলি থেকে দুটি বিশাল সুড়ঙ্গ খননযন্ত্র নামানো হয়। প্রতিটির কাটার মুখের ব্যাস ১৩.৬ মিটার, ওজন তিন হাজার টনের বেশি এবং দৈর্ঘ্য ৯৬ মিটার। পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরির পদ্ধতিতে ইতিমধ্যে পাঁচ কিলোমিটার কাজ এগিয়েছে।
দেশেই বুলেট ট্রেন তৈরির উদ্যোগও চলছে। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ও বিইএমএল যৌথভাবে ‘বি২৮’ ট্রেন তৈরি করছে। ঘণ্টায় ২৮০ কিলোমিটার গতিতে চলার উপযোগী এই ট্রেনের প্রথম বডি তৈরি হয়েছে। এখন চলছে কাঠামোগত পরীক্ষা। ২০২৭ সালের মাঝামাঝি সময়ে ট্র্যাকে পরীক্ষামূলক চালানোর পরিকল্পনা রয়েছে। পরবর্তী ধাপে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির ‘বি৩৫’ ট্রেন তৈরির কথাও জানিয়েছেন মন্ত্রী। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার যন্ত্রাংশও দেশেই তৈরি হচ্ছে।
এদিকে, গত ২০ নভেম্বর সুরাট-বিলিমোরা অংশের ৫০ কিলোমিটার পথে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু হয়েছে। পরীক্ষার প্রস্তুতিতে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ২০১৭ সালে প্রকল্পের ঘোষণা হলেও মহারাষ্ট্রে জমি অধিগ্রহণ ও রাজ্য সরকারের অনুমতির অপেক্ষায় প্রায় আড়াই বছর কাজ শুরু করা যায়নি। করোনা মহামারিতে আরও দুই বছর চলে যায়। ২০২১ সাল থেকে পুরোদমে নির্মাণকাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।



