ক্যান্সার রোগীদের বাঁচার আশায় রাতভর ছুটছে ভারতের ‘ক্যান্সার ট্রেন’

রাতের অন্ধকারে ভারতের পাঞ্জাবের বঠিন্ডা স্টেশন ছেড়ে রাজস্থানের বিকানেরের দিকে ছুটে চলে একটি ট্রেন। যাত্রীদের কারও হাতে ছোট ব্যাগ, কারও কাছে চিকিৎসার নথি ও পরীক্ষার রিপোর্ট। তাদের অনেকেরই গন্তব্য বিকানেরের আচার্য তুলসী আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র। ক্যান্সার রোগীদের যাতায়াতের সঙ্গে জড়িয়ে পড়ায় অবোহর–জোধপুর এক্সপ্রেস পরিচিত হয়েছে ‘ক্যান্সার ট্রেন’ নামে।
যদিও এটি ক্যানসার রোগীদের জন্য আলাদা করে চালানো কোনও বিশেষ ট্রেন নয়। নিয়মিতই চলাচলকারী এক্সপ্রেস ট্রেনটিই তাদের চিকিৎসার যাত্রাপথের গুরুত্বপূর্ণ বাহন। প্রায় ৩২৫ কিলোমিটার পথ পেরিয়ে বিকানের পৌঁছাতে সময় লাগে কয়েক ঘণ্টা। রাত সাড়ে ৯টা নাগাদ বঠিন্ডা থেকে ছাড়ার পর ভোরের দিকে সেখানে পৌঁছয় ট্রেনটি। যাত্রীদের মধ্যে থাকেন রোগী, তাদের আত্মীয় এবং সাধারণ মানুষও।
বিকানেরের হাসপাতালটি রাজস্থানের সর্দার পাটেল মেডিক্যাল কলেজের অধীন। ১৯৯৯ সালের ১৯ জুলাই কেন্দ্রীয় সরকার এটিকে দেশের ১৩তম আঞ্চলিক ক্যান্সার কেন্দ্রের স্বীকৃতি দেয়। হাসপাতালের সরকারি তথ্য অনুযায়ী, এখানে অস্ত্রোপচার, রেডিয়েশন চিকিৎসা, ব্র্যাকিথেরাপি, ক্যান্সার নির্ণয় ও অন্যান্য চিকিৎসার ব্যবস্থা রয়েছে। লিনিয়ার অ্যাক্সিলারেটর, কোবাল্ট চিকিৎসা যন্ত্র, স্তন ক্যানসার শনাক্তের ম্যামোগ্রাফি এবং অস্ত্রোপচারের জন্য পৃথক বিভাগও রয়েছে। ক্যান্সার রোগীদের জন্য ২৩টি কটেজ ওয়ার্ডের ব্যবস্থার কথাও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তুলনামূলক কম খরচে চিকিৎসা, থাকা ও খাবারের সুবিধা—এই হাসপাতালের প্রতি পঞ্জাবের গ্রামীণ পরিবারের আকর্ষণের অন্যতম কারণ। রেলেও ক্যান্সার রোগীদের বিশেষ ভাড়াছাড়ের নিয়ম রয়েছে। দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও তৃতীয় শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিতে রোগীরা সম্পূর্ণ ভাড়ামুক্ত যাত্রার সুযোগ পান। তবে শর্ত ও শ্রেণিভেদে সঙ্গে থাকা ব্যক্তির ছাড়ের হার আলাদা। ক্যান্সার রোগীদের যাতায়াতের জন্য পরিচিতি পেয়েছে ট্রেনটি ‘ক্যান্সার ট্রেন’ নামে।
প্রতিদিন প্রায় ৩০০ যাত্রী এই পথে যাতায়াত করেন। তাদের একটি উল্লেখযোগ্য অংশ ক্যান্সার রোগী। সঙ্গে থাকেন পরিবারের সদস্য বা পরিচর্যাকারী। চিকিৎসার খরচ তুলনামূলক কম হওয়ায় পঞ্জাবের বহু পরিবার বিকানেরের এই হাসপাতালের উপর নির্ভর করেন।
কিন্তু কেন পাঞ্জাবের মালব অঞ্চলের এত মানুষকে চিকিৎসার জন্য রাজস্থানে যেতে হচ্ছে? বঠিন্ডা, মানসা, মুক্তসর, ফরিদকোট ও ফিরোজপুর সহ মালব অঞ্চলে কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার এবং ভূগর্ভস্থ পানিতে দূষণ নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। বিভিন্ন গবেষণায় খাওয়ার পানিতে ইউরেনিয়াম ও অন্যান্য ক্ষতিকর উপাদানের উপস্থিতিও ধরা পড়েছে।
২০২৫ সালে আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ‘এসিএস ইএস অ্যান্ড টি ওয়াটার’-এ প্রকাশিত এক গবেষণায় মালব অঞ্চলের ৯১টি ভূগর্ভস্থ পানির নমুনা পরীক্ষা করা হয়। ৭৩ শতাংশ নমুনায় ইউরেনিয়ামের মাত্রা পানিতে নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়া যায়।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ২০২৬ সালের মার্চে লোকসভায় দেওয়া তথ্য অনুযায়ী, পাঞ্জাবে ক্যান্সার আক্রান্তের আনুমানিক সংখ্যা ২০২২ সালে ৪০ হাজার ৪৩৫ থেকে বেড়ে ২০২৪ সালে ৪২ হাজার ২৮৮ হয়েছে। তবে মন্ত্রণালয়ের ক্যান্সারের ঝুঁকির কারণ হিসেবে তামাক, মদ্যপান, খাদ্যাভ্যাস, স্থূলতা ও শারীরিক নিষ্ক্রিয়তার মতো বিষয়গুলির উল্লেখ করেছে।



