ভারতে বিরোধী ইন্ডিয়া জোটের সমাবেশে ককরোচ পার্টির সমর্থন

কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী (বামে) এবং সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপকে। ফাইল ছবি/ সংগৃহীত
ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিতর্কের মধ্যে বিরোধী জোট ইন্ডিয়ার পাশে দাঁড়িয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশে সমর্থন জানিয়েছে দলটি। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছে তারা।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সিজেপি জানিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভোটার তালিকা সংশোধনের নামে কোনো যোগ্য নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না।
দলটি বলেছে, ‘গণতন্ত্রের মৌলিক নীতি হলো, জনগণ তাদের সরকার বেছে নেবে— সরকার ঠিক করবে না, কারা ভোটার হবে।’
সিজেপির মতে, নির্বাচন কমিশনের দায়িত্ব প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সুরক্ষিত রাখা। ভোট দেওয়ার প্রক্রিয়া সহজ করার বদলে মানুষের মধ্যে ভোটাধিকার হারানোর ভয় তৈরি হলে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা দুর্বল হতে পারে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি।
সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের প্রসঙ্গ টেনে সিজেপি বলেছে, জাতি, ধর্ম, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা বা আর্থিক অবস্থা নির্বিশেষে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের সমান ভোটাধিকার থাকা উচিত।
এদিকে ১ নভেম্বরের সমাবেশে বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। দলটির লক্ষ্য ১০ লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করা। সমাবেশের প্রধান দাবি এসআইআর নিয়ে ওঠা অভিযোগের জবাবদিহি এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগ।
দিল্লি পুলিশ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রামলীলা ময়দানে সমাবেশের অনুমতি দিয়েছে। নিরাপত্তায় প্রায় ৩ হাজার ৫০০ পুলিশ সদস্য মোতায়েন এবং ২০০টির বেশি সিসিটিভি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা রয়েছে।
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া সিজেপির সমর্থন বিরোধীদের ভোটাধিকারবিষয়ক আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে।




