ছেঁড়া নোট না নেওয়ায় গ্রাহকের থাপ্পড়, জন্মদিনের আগে আত্মহত্যা যুবকের

সমীর হুসাইন। ছবি : সংগৃহীত
ছেঁড়া ১০ রুপির নোট নিতে অস্বীকার করায় এক ডেলিভারি বয়কে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। আর এই অপমানের জেরে নিজের জন্মদিনের ঠিক আগেই বিষপান করে আত্মহত্যা করেছেন ওই তরুণ।
ভারতের রাজধানী দিল্লির পূর্ব দিল্লির বিনোদ নগর এলাকায় ঘটেছে এই ঘটনা।
সমীর হুসাইন নামের ২৪ বছর বয়সী ওই তরুণ ফ্লিপকার্ট মিনিটসের একজন ডেলিভারি এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন।
গত ৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে সমীর হুসাইন রামপাল সিং নামের এক গ্রাহকের ঠিকানায় অর্ডার পৌঁছে দিতে যান। কফি অর্ডারটির মূল্য ছিল প্রায় ১৫০ রুপি।
মৃত্যুর আগে রেকর্ড করা এক ভিডিওতে সমীর জানান, গ্রাহক ওই ক্যাশ টাকা জোগাড় করতে প্রায় ১৫ মিনিট সময় নিয়েছিলেন। তিনি এই দেরির প্রতিবাদ করেননি। তবে শুধু একটি ছেঁড়া ১০ রুপির নোট বদলে দিতে অনুরোধ করেছিলেন।
সমীরের ভাষ্য অনুযায়ী, ‘আমি খুব বিনীতভাবে বলেছিলাম, চাচা, দয়া করে এটি পরিবর্তন করে দিন।’
কিন্তু এতে ওই গ্রাহক চরম অসদাচরণ শুরু করেন। তিনি বলেন, ‘আমার কাছে এটাই আছে, ইচ্ছা হলে নাও, না হলে এখান থেকে চলে যাও।’
এরপর ওই গ্রাহক তাকে পর পর তিনটি থাপ্পড় মারেন বলে অভিযোগ করেন ওই সমীর। এতেও তিনি কোনো পাল্টা আক্রমণ করেননি। তবে তার আর্থিক অবস্থা নিয়ে অপমান করায় তিনি মানসিকভাবে মারাত্মকভাবে ভেঙে পড়েন।
ভিডিওতে কান্নায় ভেঙে পড়ে সমীর প্রশ্ন রাখেন, ‘গরিব হওয়া কি কোনো অপরাধ?’
তিনি আরও উল্লেখ করেন, তিনি কখনো বাবার কাছে হাত পাতেননি। নিজে পরিশ্রম করে স্বাধীনভাবে আয় করতে চেয়েছিলেন তিনি।
সমীর ভিডিওতে আশঙ্কা প্রকাশ করেছিলেন, গরিব হওয়ার কারণে তিনি হয়তো বিচার পাবেন না। গিগ ওয়ার্কারদের নিরাপত্তা নিয়ে প্রশ্নও তোলেন তিনি।
ভিডিওতে তার আকুতি ছিল, ‘আমি আত্মহত্যা করতে যাচ্ছি, কারণ রাস্তার মাঝে এমনিতেই আমার আত্মসম্মান ধুলিস্যাৎ হয়ে গেছে।’
আরেকটি ভিডিওকে তিনি নিজের সুইসাইড নোট হিসেবে উল্লেখ করেন। সেখানে তিনি ওই গ্রাহক ও তার নাতি রাকেশকে এই হয়রানির জন্য দায়ী করেন।
তিনি বলেন, ‘আমি জানি তার বিরুদ্ধে কোনো অভিযোগই আমলে নেওয়া হবে না। প্রথম আপনি কাউকে মারধর করবেন, তারপর ক্ষমা চাইবেন—এতে কী লাভ? হয়তো আমার মৃত্যুর পর কেউ কথা শুনবে।’
গত ৫ অক্টোবর মারধরের ঘটনার কয়েক ঘণ্টা পর তিনি বিষপান করেন। তাকে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (২০ অক্টোবর) তার মৃত্যু হয়।
সমীরের মা কালিমা অভিযোগ করেছেন, অভিযুক্ত ব্যক্তির রাজনৈতিক প্রভাব রয়েছে। কালিমা উল্লেখ করেছেন, ‘তারা আমার ছেলের গরিব অবস্থাকে নিয়ে ব্যঙ্গ করেছিল।’
সূত্র : এনডিটিভি



