গরুর গায়ে হাত বোলালে রক্তচাপ কমে! দিলীপের মন্তব্যে ফের বিতর্ক

সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ আবারও বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন। এবার তিনি দাবি করেছেন, দেশি গরুর গায়ে হাত বোলালে মানুষের উচ্চ রক্তচাপ কমে যেতে পারে।
আজ মঙ্গলবার কলকাতার কাঁকুড়গাছিতে দলীয় কর্মীদের সঙ্গে এক আড্ডা অনুষ্ঠানে এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত, প্রাণিসম্পদ ও কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ।
তার ভাষ্য, দেশি গরুর পিঠের কুঁজে হাত বোলালে মানুষের রক্তচাপ দ্রুত স্বাভাবিক হয়ে আসে। এ মন্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
এর আগেও গরু নিয়ে বিভিন্ন মন্তব্য করে সমালোচিত হয়েছেন দিলীপ ঘোষ। ২০১৯ সালে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি থাকাকালে তিনি দাবি করেছিলেন, দেশি গরুর দুধে সোনা থাকে। তার দাবি ছিল, গরুর শরীরে থাকা বিশেষ ‘স্বর্ণনাড়ি’ সূর্যের আলো থেকে সোনা তৈরি করে। যার কারণে দুধে হলুদ আভা দেখা যায়।
করোনা মহামারির সময়ও তিনি গোমূত্র পানের পক্ষে বক্তব্য দিয়েছিলেন। সেসময় তার মন্তব্য দেশ জুড়ে সমালোচনার জন্ম দেয়।
সাম্প্রতিক বক্তব্যে দিলীপ ঘোষ আরও দাবি করেন, গরুর গোবর শরীরের বিভিন্ন অসুখ সারাতে কার্যকর। নিজের এক আত্মীয়ের উদাহরণ তুলে ধরে তিনি উল্লেখ করেন, শরীরের একটি অংশ ফুলে যাওয়ার পর সেখানে গরুর গোবর লাগানো হয়েছিল। পরে সেটি ভালো হয়ে যায়।
মন্ত্রী হওয়ার পরও এ ধরনের বৈজ্ঞানিক ভিত্তিহীন মন্তব্য করায় বিরোধী দলগুলো বিজেপির সমালোচনা করেছে।




