এসআইআর নিয়ে পাটনা রণক্ষেত্র
- ব্যারিকেড টপকে আটক তেজস্বী-মিসা-মুকেশ

ভোটার তালিকা সংশোধনকে ঘিরে বিহারে বিরোধীদের ক্ষোভ আরও তীব্র হল। বৃহস্পতিবার পাটনায় রাজভবন অভিযানে নামল মহাজোট। নেতৃত্বে ছিলেন আরজেডি নেতা তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে জবাবদিহির দাবিতেই এই কর্মসূচি।
মিছিল আটকাতে পুলিশ ব্যারিকেড দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত তেজস্বী, আরজেডি সাংসদ মিসা ভারতী এবং ভিআইপি প্রধান মুকেশ সাহনিকে আটক করা হয়। শহরের শহিদ স্মারকের কাছ থেকে মিছিল শুরু হয়। লোকভবনের দিকে এগোতেই পথে একাধিক জায়গায় ব্যারিকেড বসায় পুলিশ। মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশকর্মী। জলকামানও প্রস্তুত রাখা হয়েছিল। ব্যারিকেড পেরোতে গিয়ে তেজস্বী নিজেই তার উপরে উঠে পড়েন। এরপর পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
তেজস্বীর অভিযোগ, এসআইআরের কারণে বহু যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। নির্বাচন কমিশনের কাছে বারবার বিষয়টি জানানো হলেও সন্তোষজনক উত্তর মেলেনি বলে দাবি তাঁর। তাঁর বক্তব্য, ভোটার তালিকা তৈরির পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকা জরুরি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই আন্দোলন বলে দাবি বিরোধীদের।
এই কর্মসূচির আগে ৭ অক্টোবর বিহারের বিভিন্ন ব্লক ও সদর দফতরেও এসআইআর-বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছিল বিরোধীরা। ৮ অক্টোবর পাটনায় বড় মিছিলের পরিকল্পনা ছিল আগে থেকেই।
তবে মিছিল থামানোর পরেও আন্দোলনকারীদের কর্মসূচি পুরোপুরি থামেনি। পরে বিরোধী নেতারা বিহারের রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন। সেখানে জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।



