৪৪০ কোটি টাকার তিন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, কারণ জানতে হাইকোর্টে তৃণমূল কংগ্রেস

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তিনটি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন স্থগিত হয়ে যাওয়ার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যসভার বিরোধী দল তৃণমূল কংগ্রেস। কোন কারণে এবং কার নির্দেশে এই পদক্ষেপ করা হয়েছে, সেই প্রশ্ন তুলে আদালতের হস্তক্ষেপ চেয়েছে দলটি। আজ সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার অনুমতি চাওয়া হলে আদালত সেই আবেদন গ্রহণ করে। ফলে আগামী দিনে বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানির পথ খুলে গেল।
দলীয় সূত্রের দাবি, স্থগিত হওয়া তিনটি অ্যাকাউন্টে মোট প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে। অ্যাকাউন্টগুলোয় লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় আপাতত কোনো অর্থ উত্তোলন বা জমা দেওয়া সম্ভব হচ্ছে না। এর ফলে সংগঠনের বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক কাজকর্মে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে।
অরূপ বিশ্বাস দলীয় ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার দাবিতে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন। পরে সেই অবস্থানকে সমর্থন করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ওই অ্যাকাউন্টে কাটমানির টাকা রয়েছে কি না, কে জানে। আমি অরূপ বিশ্বাসের সঙ্গে সহমত। তদন্ত হওয়া উচিত। তার এই মন্তব্যের পর বিষয়টি ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়।
এরপর ঋতপন্থী বলে পরিচিত ১০ জন তৃণমূল বিধায়ক বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং পরে সংশ্লিষ্ট তিনটি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন স্থগিত করা হয় বলে জানা যায়। বর্তমানে ওই অ্যাকাউন্টগুলোয় কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাচ্ছে না।
এ পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হয়ে তৃণমূলের প্রশ্ন, এত বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট পক্ষকে কেন জানানো হলো না এবং কোন আইনি ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে। তাদের দাবি, অ্যাকাউন্টগুলো বন্ধ থাকায় সংগঠনের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হচ্ছে এবং দ্রুত বিষয়টির নিষ্পত্তি প্রয়োজন।




