মমতার হুঁশিয়ারি
যত বাধা দেবে, তত গর্জন বাড়বে

এসআইআর ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন যখন জাতীয় রাজনীতিতে ক্রমশ তীব্র হচ্ছে, তখন সেই বিক্ষোভে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লির পথে রওনা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি ইন্ডিয়া জোটের প্রতিনিধি হিসেবেও একাধিক কর্মসূচিতে থাকার কথা তৃণমূল নেত্রীর । ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি ও বিরোধীদের বড় জমায়েতেও তার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের মুখে এসআইআর নিয়ে ফের নির্বাচন কমিশনকে নিশানা করেন মমতা। মমতার দাবি, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে ৯২ লক্ষ নাম বাদ যাওয়ার ঘটনা সামনে এসেছে। তার অভিযোগ, শুধু বাংলাই নয়। দেশের বিভিন্ন জায়গাতেই ভোটাধিকার নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। মানুষের ভোট দেওয়ার অধিকার কোনওভাবেই কেড়ে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
দিল্লিতে গত কয়েকদিন ধরে এসআইআর এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ করছে বিরোধী দলগুলি। কংগ্রেসের কর্মসূচিতে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর আটক হওয়া এবং তাদের বিরুদ্ধে মামলা ঘিরেও রাজনৈতিক চাপানউতোর চলছে। মমতার বক্তব্য, আন্দোলনকারীদের দমিয়ে রাখার চেষ্টা হলে প্রতিবাদ আরও ছড়াবে। তার কথায়, যেখানে বাধা দেওয়া হবে, সেখানেই আন্দোলনকারীরা বসে পড়বেন। পুলিশ যত বেশি বাধা দেবে, প্রতিবাদের আওয়াজও তত জোরালো হবে।
এদিকে বৃহস্পতিবার কলকাতায় প্রাক্তন সিপিএম সাংসদ ও প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনা নিয়েও প্রতিক্রিয়া দেন মমতা। তিনি জানান যে, বিকাশরঞ্জনের সঙ্গে তার কথা হয়েছে। ঘটনার নিন্দা করে দিল্লি থেকে ফিরে তার বাড়িতে যাওয়ার কথাও জানান তৃণমূল নেত্রী।



