দিল্লিতে দেড়শ বছর পুরনো মসজিদ ভাঙার নোটিস

‘অবৈধ নির্মাণ’ অভিহিত করে দিল্লির জমি ও উন্নয়ন অধিদপ্তর উচ্ছেদ নোটিস পাঠিয়েছে নয়াদিল্লির রেসকোর্স মসজিদকে। মসজিদটি ১৫০ বছরের পুরনো এবং নথিভুক্ত ওয়াকফ সম্পত্তি। এ ছাড়া পৌরসভার রেকর্ডেও এর উল্লেখ আছে ‘ঐতিহ্যবাহী স্থাপনা’ হিসেবে। প্রধানমন্ত্রীর বাসভবন সংলগ্ন বসতি উচ্ছেদের অংশ হিসেবেই গত সোমবার এ নোটিস দেয় অধিদপ্তর।
সেখানে ছয় দিনের মধ্যে মসজিদ প্রাঙ্গণ খালি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আবাসন এবং নগরবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জমি ও উন্নয়ন দপ্তর। এরই মধ্যে মসজিদের বিদ্যুৎ ও পানীয় জলের সংযোগ কেটে দেওয়া হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে একটি ভিডিওবার্তা দেন মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ হারুন। তিনি ৪০ বছর ধরে এ মসজিদের সঙ্গে যুক্ত। ভিডিওতে তিনি জানিয়েছেন, ছয় মাস ধরে এই আশঙ্কার কথা দিল্লি ওয়াকফ বোর্ডকে জানিয়ে আসছেন তিনি, তা সত্ত্বেও বোর্ড ছিল নিষ্ক্রিয়।



