তৃণমূলের পদ ছাড়লেন মমতার ঘনিষ্ঠসঙ্গী জ্যোতিপ্রিয়

সংগৃহীত ছবি
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠালগ্ন থেকে দলের অন্যতম পরিচিত মুখ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন।
মাত্র কয়েক দিন আগেই তাকে দলের জাতীয় কর্মসমিতিতে স্থান দেওয়া হয়েছিল। কিন্তু সেই দায়িত্ব পাওয়ার অল্প সময়ের মধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন জ্যোতিপ্রিয়।
১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের সময় থেকেই জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন। দলের আন্দোলন, সাংগঠনিক বিস্তার এবং নির্বাচনী লড়াইয়ে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিধায়ক ও মন্ত্রী হিসেবেও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।
২০২৩ সালে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিককে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছিল। সেই সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে তার পাশে দাঁড়িয়েছিলেন।
একাধিক সভা থেকে তিনি দাবি করেছিলেন, জ্যোতিপ্রিয়কে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও তাকে প্রার্থী করেছিল তৃণমূল। যদিও তিনি জয়ী হতে পারেননি। তারপরও সম্প্রতি দলীয় পুনর্গঠনের সময় তাকে জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল।
পদত্যাগের কারণ হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিক নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করেছেন। তার দাবি, রক্তে শর্করার মাত্রা ৩৫০-এর উপরে পৌঁছে গেছে। সমস্যা রয়েছে কিডনিরও। এই পরিস্থিতিতে দলীয় দায়িত্ব পালন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে বলেই তিনি সমস্ত পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এই প্রাক্তন মন্ত্রীর কথায়, আমার ৩৫০-এর উপর সুগার। কিডনিও খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় দলের কোনো কাজকর্মে আমি এখন যুক্ত থাকতে পারছি না। তাই সব পদ ছেড়ে দিলাম।
তবে বিশ্লেষকরা বলছেন, বিষয়টি শুধুমাত্র শারীরিক অসুস্থতার মধ্যে সীমাবদ্ধ নয়। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূলের ধাক্কা, দলের অভ্যন্তরীণ টানাপোড়েন, আইনি জটিলতা এবং একের পর এক সাংগঠনিক পরিবর্তনের প্রেক্ষাপটেই এই পদত্যাগ।
অন্যদিকে তৃণমূলের দাবি, দীর্ঘদিনের অসুস্থতা এবং আইনি লড়াইয়ের চাপের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর সঙ্গে দলের অভ্যন্তরীণ রাজনীতির কোনো সম্পর্ক নেই।
তৃণমূল নেতা অনিকেত ভট্টাচার্য জানান, জ্যোতিপ্রিয়দা দীর্ঘদিন দলের গুরুত্বপূর্ণ নেতা। তিনি অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। দল তার দ্রুত সুস্থতা কামনা করে।




