ভারতে অনুপ্রবেশ রুখতে ইছামতীতে কাঁটাতারের বেড়া
- ৭১ কিলোমিটার সীমান্তে নতুন পরিকল্পনা শুভেন্দুর

বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধে এ বার নদীপথেও কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিএসএফের ৭৪ নম্বর ব্যাটালিয়নের ছাউনিতে দীপাবলি উদ্যাপন করতে গিয়ে রবিবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, ইছামতী নদীর প্রায় ৭১ কিলোমিটার অংশে বেড়া দেওয়ার পরিকল্পনা রয়েছে। রাজ্যের সেচ ও জলপথ দফতর, কেন্দ্রীয় বিভাগের সঙ্গে আলোচনা করে প্রকল্পের রূপরেখা চূড়ান্ত করবে।
বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২,২১৭ কিলোমিটার। তার বেশ কিছু অংশ নদী ও জলাভূমি দিয়ে ঘেরা। ফলে স্থলভাগের মতো সর্বত্র কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। এই সুযোগে বিএসএফের নজরদারির ফাঁক গলে অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। ইছামতী নদীপথে বিএসএফের ভাসমান নজরদারি কেন্দ্র পরিদর্শন করে শুভেন্দু বলেন, সীমান্তকে ‘জলভেদ্য’ করে তোলা হবে না, বরং নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করা হবে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে যে পথে তাঁরা ভারতে ঢুকেছেন, সেই পথেই ফেরত পাঠানোর কথা বলেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্য পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে ইতিমধ্যেই এক লক্ষের বেশি সম্ভাব্য অনুপ্রবেশকারীকে ভারতে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।
সীমান্ত নিরাপত্তা জোরদার করতে আরও কয়েকটি পদক্ষেপের কথাও জানিয়েছেন শুভেন্দু। সীমান্তবর্তী এলাকায় নতুন থানা তৈরি, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সমন্বয় বৃদ্ধি এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ২০২৭ সাল থেকে বিএসএফ ও রাজ্য পুলিশের কর্মীদের জন্য ‘সীমান্ত মিত্র’ সম্মান চালুর ঘোষণা করেছেন তিনি।
আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে বিএসএফকে বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি দিতে সহযোগিতা না করার অভিযোগও তুলেছেন মুখ্যমন্ত্রী। তার দাবি, বর্তমান সরকার জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। তবে নদীপথে বেড়া নির্মাণের প্রকল্পের চূড়ান্ত নকশা, ব্যয় এবং কাজ শুরুর সময়সীমা এখনও প্রকাশ করা হয়নি।
অন্য দিকে, তৃণমূলের পাল্টা বক্তব্য, সীমান্ত নিরাপত্তা বিএসএফের দায়িত্ব এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা এড়িয়ে শুধু রাজ্যকে দায়ী করা যায় না। ফলে অনুপ্রবেশ রোখার প্রশ্নে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের পাশাপাশি রাজনৈতিক চাপানউতোরও অব্যাহত।



