ভোটার তালিকায় নাম নেই অভিনেতা প্রকাশ রাজের

সংগৃহীত ছবি
বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর- এর পর বেঙ্গালুরুর ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পাওয়ার দাবি করেছেন অভিনেতা প্রকাশ রাজ।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ভিডিও প্রকাশ করে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বিষয়টিকে কটাক্ষ করে একে ‘ভালো মজা’ বলার পাশাপাশি ভোটার পরিচয় ফেরানোর প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেতা।
ভিডিও বার্তায় প্রকাশ রাজ জানান, বেঙ্গালুরুর সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের। এই শহরেই তার জন্ম ও বেড়ে ওঠা। এখানেই তার স্কুল-কলেজের পড়াশোনা এবং থিয়েটারের মাধ্যমে অভিনয় জীবনের শুরু। পরবর্তী সময়ে বেঙ্গালুরু কেন্দ্র থেকেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। সেই শহরের ভোটার তালিকায় নিজের নাম না থাকায় স্বাভাবিকভাবেই বিস্ময় প্রকাশ করেছেন অভিনেতা।
প্রকাশ রাজের বক্তব্য, ভোটার পরিচয়পত্র ফিরে পেতে তাকে এখন কী কী নথি জমা দিতে হবে, সেটিও তিনি দেখবেন। তিনি প্রশ্ন তোলেন, ক্ষমতাসীনরা যদি নিজেদের ক্ষমতা প্রয়োগ করে কারও ভোটাধিকার কেড়ে নিতে পারে, তাহলে সাধারণ মানুষ সেই ক্ষমতা প্রয়োগ করে তাদের সরিয়ে দিতে পারবে কি না।
প্রকাশ রাজ সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতেও প্রকাশ্যে নিজের মতামত জানিয়েছেন।




