অমিত শাহ
রাহুল গান্ধী কোনো দিনও প্রধানমন্ত্রী হতে পারবেন না

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
রামলীলা ময়দানে বিরোধী জোটের সভার পর সোমবার ফের রাহুল গান্ধীকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হায়দরাবাদে বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ পদযাত্রায় যোগ দিয়ে তিনি বললেন, রাহুল গান্ধী আসল সংসদে প্রধানমন্ত্রী হতে পারবেন না। চাইলে মক পার্লামেন্টে একবার প্রধানমন্ত্রী হয়ে নিতে পারেন।
শাহের কথায়, ‘‘রাহুলজি, দুদিন আগে আপনারা মক পার্লামেন্ট করেছিলেন। আমাকে জিজ্ঞাসা করলে বলতাম, সেখানে একবার প্রধানমন্ত্রী হয়ে নিন। আসল সংসদে তো আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। অন্তত মক পার্লামেন্টে প্রধানমন্ত্রী হলে সোনিয়াজির মন কিছুটা শান্তি পাবে।’’
রাহুলকে আক্রমণ করে শাহ আরও বললেন, শুধু নির্বাচনে জেতার চেষ্টা করলেই হবে না। দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। তার অভিযোগ, রাহুল তিন-চার মাস দেশে থাকেন, তার পর বিদেশে চলে যান। দেশের মানুষের সমস্যার সমাধানে তাকে আরও সময় দিতে হবে।
এদিন এসআইআর নিয়ে বিশেষ অধিবেশনের চ্যালেঞ্জও জানিয়েছেন শাহ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব দিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার চ্যালেঞ্জও ছুড়েছেন শাহ। তার বক্তব্য, ‘‘আমি চ্যালেঞ্জ করছি, আমরা বিশেষ অধিবেশন ডাকতে প্রস্তুত। আসুন, আলোচনা করুন।’’
শাহের অভিযোগ, কংগ্রেস সংসদ চলতে দেয় না। কারণ, সংসদে আলোচনা হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের যুক্তি খণ্ডন করবেন।
রামলীলা ময়দানের সভাকে ‘ভোট বাঁচাও’ নয়, ‘অনুপ্রবেশকারী বাঁচাও’ সভা বলেও কটাক্ষ করেন শাহ। তার দাবি, এসআইআর-এর বিরোধিতা করে কংগ্রেস অনুপ্রবেশকারীদের আড়াল করতে চাইছে। বিজেপি প্রত্যেক অনুপ্রবেশকারীকে ভোটার তালিকা থেকে সরাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রবিবার চণ্ডীগড়ে শাহ অভিযোগ করেছিলেন, ১৯৮৪ সালের শিখবিরোধী হিংসার বর্ষপূর্তির দিন রামলীলা ময়দানে সভা করে রাহুল গান্ধী সেই হিংসার শিকারদের ক্ষতে নুন ছড়িয়েছেন। সোমবারও সেই আক্রমণের ধার বজায় রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী।



