ট্রাম্প-শি ফোনালাপে ‘উদ্বিগ্ন নয়’ তাইওয়ান

তাইওয়ান বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ফোনালাপকে স্বাগত জানিয়েছে। দ্বীপটিতে চীনের সামরিক চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে এই যোগাযোগ অঞ্চলকে ‘স্থিতিশীল’ করতে সহায়ক হবে বলে মন্তব্য করেছে তাইপে।
এএফপিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রী চেন মিং-চি এ মন্তব্য করেন। এর কয়েক ঘণ্টা আগে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক জোরদারে শি ‘পারস্পরিক সম্মান’-এর আহ্বান জানিয়েছেন এবং তাইওয়ানে অস্ত্র বিক্রির বিষয়ে সতর্কবার্তাও দিয়েছেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ফোনালাপটিকে ‘চমৎকার’ বলে বর্ণনা করে বলেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক ‘অত্যন্ত ভালো’।
চেন এএফপিকে বলেন, ‘এই পুরো টেলিফোন যোগাযোগ নিয়ে আমরা খুব বেশি উদ্বিগ্ন নই।’
তিনি আরো বলেন, ‘বরং আমরা বিশ্বাস করি, এটি পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়তা করবে—বিশেষ করে এমন এক সময়ে, যখন চীন তাইওয়ান প্রণালি ও পুরো অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে চলেছে।’
চেন বলেন, ‘আমি মনে করি, এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল করার যে কোনো প্রচেষ্টাকেই আমরা স্বাগত জানাই।’



