Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

৫১ থেকে ১৯৩: আট দশকে জাতিসংঘের সদস্য বৃদ্ধির ইতিহাস

সজল মিত্র রিচার্ড
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪২
শেয়ার করুন:
৫১ থেকে ১৯৩: আট দশকে জাতিসংঘের সদস্য বৃদ্ধির ইতিহাস

গ্রাফিকস: আগামীর সময়

১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে যখন জাতিসংঘের যাত্রা শুরু হয়, তখন এর প্রতিষ্ঠাতা সদস্যরাষ্ট্র ছিল মাত্র ৫১টি। যুদ্ধের ভয়াবহতা থেকে বিশ্বকে রক্ষা করা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা, রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো এবং ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের অভিশাপ থেকে মুক্ত রাখার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এই আন্তর্জাতিক সংস্থা। তারও আগে, ১৯৪২ সালের ১ জানুয়ারি ওয়াশিংটনে ‘ডিক্লারেশন বাই ইউনাইটেড নেশনস’-এ স্বাক্ষর করে ২৬টি দেশ। এখানেই প্রথম আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয় ‘ইউনাইটেড নেশনস’ বা ‘জাতিসংঘ’ নামটি।

আজ আট দশকের ব্যবধানে সেই সংগঠনের সদস্যসংখ্যা প্রায় চার গুণ হয়েছে। জাতিসংঘ এখন ১৯৩টি দেশের মিলনমেলা। বিশ্বপার্লামেন্ট, বিশ্বসভা, বিশ্ব ক্লাব, বিশ্ব তীর্থস্থান—কত নামেই না অভিহিত করা হয় এই সংস্থাকে! প্রতিষ্ঠাকালীন সদস্যসংখ্যার তুলনায় জাতিসংঘের বর্তমান সদস্যরাষ্ট্রের সংখ্যা প্রায় ৩ দশমিক ৮ গুণ। এই বিস্তারের পেছনে রয়েছে ঔপনিবেশিক শাসনের অবসান, নতুন রাষ্ট্রের জন্ম, স্নায়ুযুদ্ধের ভূরাজনীতি, সোভিয়েত ইউনিয়ন ও যুগোস্লাভিয়ার ভাঙন, পূর্ব ইউরোপের রাজনৈতিক রূপান্তর এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রশ্ন। জাতিসংঘের সদস্যপদ বৃদ্ধির ইতিহাস তাই কেবল একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সম্প্রসারণের পরিসংখ্যান নয়; বরং আধুনিক বিশ্বব্যবস্থার রাজনৈতিক ও ভৌগোলিক পরিবর্তনেরও গুরুত্বপূর্ণ দলিল।

জাতিসংঘের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর। এর আগে একই বছরের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হয় ‘ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন’। ওই সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন। পোল্যান্ড তখন সম্মেলনে সরাসরি অংশ নিতে পারেনি। পরবর্তী সময়ে ১৫ অক্টোবর ১৯৪৫ দেশটি সনদে স্বাক্ষর করে। ফলে পোল্যান্ডসহ প্রতিষ্ঠাকালীন সদস্যরাষ্ট্রের সংখ্যা দাঁড়ায় ৫১। জাতিসংঘের নিজস্ব প্রতিষ্ঠাতা সদস্যবিষয়ক নথিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।১৯৫১ সালের ২ নভেম্বর প্যারিসের পালে দ্য শাইও-তে জাতিসংঘের ষষ্ঠ সাধারণ অধিবেশনে জাতিসংঘের সদস্যদেশগুলোর পতাকা

প্রতিষ্ঠাকালীন ৫১টি দেশের মধ্যে ছিল আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বলিভিয়া, ব্রাজিল, বেলারুশীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, কানাডা, চিলি, তৎকালীন চীন প্রজাতন্ত্র, কলম্বিয়া, কোস্টারিকা, কিউবা, চেকোস্লোভাকিয়া, ডেনমার্ক, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, মিসর, এল সালভাদর, ইথিওপিয়া, ফ্রান্স, গ্রিস, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, ভারত, ইরান, ইরাক, লেবানন, লাইবেরিয়া, লুক্সেমবার্গ, মেক্সিকো, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, নরওয়ে, পানামা, প্যারাগুয়ে, পেরু, ফিলিপাইন, পোল্যান্ড, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক, ইউক্রেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, ইউনিয়ন অব সাউথ আফ্রিকা, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, ভেনেজুয়েলা ও যুগোস্লাভিয়া। এ তালিকায় এমন অনেক রাষ্ট্র রয়েছে, যাদের রাজনৈতিক পরিচয় ও সীমানা পরবর্তী সময়ে পরিবর্তিত হয়েছে। সোভিয়েত ইউনিয়ন, চেকোস্লোভাকিয়া ও যুগোস্লাভিয়া তার উল্লেখযোগ্য উদাহরণ।

শুরুতে সদস্যসংখ্যা সীমিত থাকলেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা রাষ্ট্রগুলোর লক্ষ্য ছিল আন্তর্জাতিক সহযোগিতার একটি সর্বজনীন প্ল্যাটফর্ম তৈরি করা। জাতিসংঘ সনদের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ অনুচ্ছেদে নতুন সদস্য হওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যেসব শান্তিপ্রিয় রাষ্ট্র সনদের বাধ্যবাধকতা মেনে নিতে সম্মত এবং সেগুলো বাস্তবায়নে সক্ষম ও ইচ্ছুক, তারা সদস্যপদের জন্য আবেদন করতে পারবে।

তবে শুধু আবেদন করলেই সদস্যপদ পাওয়া যায় না। প্রথমে নিরাপত্তা পরিষদের সুপারিশ এবং পরে সাধারণ পরিষদের অনুমোদন প্রয়োজন। সাধারণ পরিষদে উপস্থিত ও ভোটদানকারী সদস্যরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ সমর্থন পেলে সদস্যপদের আবেদন অনুমোদিত হয়। নিরাপত্তা পরিষদে অন্তত নয়টি ইতিবাচক ভোট প্রয়োজন এবং পাঁচ স্থায়ী সদস্যের কোনো সদস্য ভেটো প্রয়োগ করলে আবেদনটি আটকে যেতে পারে। ফলে সদস্যপদ বৃদ্ধির প্রক্রিয়াটি একদিকে আইনি, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির ক্ষমতার ভারসাম্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।১৯৪৫ সালের ২৬ জুন ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ‘ইউএন কনফারেন্স অন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন’-এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড রেইলি স্টেতিনিয়াস জুনিয়র জাতিসংঘ সনদে স্বাক্ষর করছেন; এ সময় পাশে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান ও অন্যান্যরা১৯৪৬ সালে জাতিসংঘে যোগ দেয় আফগানিস্তান, আইসল্যান্ড, সিয়াম বা বর্তমান থাইল্যান্ড এবং সুইডেন। এতে সদস্যসংখ্যা বেড়ে হয় ৫৫। ১৯৪৭ সালে পাকিস্তান ও ইয়েমেন যোগ দিলে সংখ্যা দাঁড়ায় ৫৭। ১৯৪৮ সালে বার্মা, বর্তমান মিয়ানমার, যোগ দেয় এবং ১৯৪৯ সালে ইসরায়েলের সদস্যপদ লাভের মধ্য দিয়ে সংখ্যা হয় ৫৯। ১৯৫০ সালে ইন্দোনেশিয়া যোগ দেওয়ায় সদস্যসংখ্যা দাঁড়ায় ৬০। অর্থাৎ প্রতিষ্ঠার প্রথম পাঁচ বছরে সদস্যসংখ্যা বেড়েছিল মাত্র নয়টি। সে সময় আন্তর্জাতিক রাজনীতিতে স্নায়ুযুদ্ধের সূচনা, পশ্চিমা শক্তি ও সোভিয়েত বলয়ের মধ্যে মতাদর্শিক দ্বন্দ্ব এবং নিরাপত্তা পরিষদে পারস্পরিক বিরোধ নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

জাতিসংঘের সদস্যসংখ্যা বৃদ্ধির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে ১৯৫৫ সালে। ওই বছর একসঙ্গে ১৬টি দেশ সদস্যপদ লাভ করে। দেশগুলো হলো আলবেনিয়া, অস্ট্রিয়া, বুলগেরিয়া, কম্বোডিয়া, সিলন বা বর্তমান শ্রীলঙ্কা, ফিনল্যান্ড, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, জর্ডান, লাওস, লিবিয়া, নেপাল, পর্তুগাল, রোমানিয়া ও স্পেন। এক বছরের ব্যবধানে সদস্যসংখ্যা ৬০ থেকে বেড়ে ৭৬-এ পৌঁছে যায়। জাতিসংঘের ইতিহাসে এটি ছিল সদস্যপদ সম্প্রসারণের প্রথম বড় ধাপ। এরপর ১৯৫৬ সালে জাপান, মরক্কো, সুদান ও তিউনিসিয়া যোগ দিয়ে সংখ্যাটি ৮০-তে উন্নীত করে। ১৯৫৭ সালে ঘানা ও মালয় ফেডারেশন, বর্তমান মালয়েশিয়ার পূর্বসূরি, সদস্য হওয়ায় সংখ্যা দাঁড়ায় ৮২।

১৯৫৮ সালে গিনি জাতিসংঘের সদস্যপদ লাভ করে। একই বছর মিসরের সঙ্গে সিরিয়া একীভূত হয়ে সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠন করায় সিরিয়ার পৃথক সদস্যপদ সাময়িকভাবে বিলুপ্ত হয়। ফলে ওই বছর নতুন সদস্য যোগ দিলেও মোট সদস্যসংখ্যা ৮২-তেই থাকে। ১৯৫৯ সালে নতুন কোনো রাষ্ট্র সদস্যপদ লাভ করেনি। ১৯৬০ সালে সদস্যসংখ্যা বৃদ্ধির ইতিহাসে সবচেয়ে বড় একক বার্ষিক ঘটনা ঘটে। ওই বছর একসঙ্গে ১৭টি দেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। দেশগুলো হলো ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, কঙ্গো-ব্রাজাভিল, কঙ্গো-লিওপোল্ডভিল, সাইপ্রাস, দাহোমি বা বর্তমান বেনিন, গ্যাবন, আইভরি কোস্ট বা বর্তমান কোত দিভোয়ার, মাদাগাস্কার, মালি, নাইজার, নাইজেরিয়া, সেনেগাল, সোমালিয়া, টোগো এবং আপার ভোল্টা বা বর্তমান বুরকিনা ফাসো। এ ঘটনাকে জাতিসংঘের সদস্যপদ বৃদ্ধির ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। কারণ, এসব দেশের অধিকাংশই ছিল আফ্রিকার সদ্য স্বাধীন রাষ্ট্র। ঔপনিবেশিক শাসনের অবসান এবং আফ্রিকার দেশগুলোর স্বাধীনতা অর্জন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছিল। ১৯৬০ সালকে আফ্রিকার স্বাধীনতার বছর হিসেবেও উল্লেখ করা হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম অধিবেশন চলাকালীন মেথডিস্ট সেন্ট্রাল হলের ভেতরের দৃশ্য১৯৬০ সালের শেষে জাতিসংঘের সদস্যসংখ্যা দাঁড়ায় ৯৯। অর্থাৎ ওই বছর ১৭টি দেশ যোগ দিলেও সংস্থাটি ১০০ সদস্যের মাইলফলক অতিক্রম করতে পারেনি। পরের বছর ১৯৬১ সালে চারটি নতুন রাষ্ট্র—মৌরিতানিয়া, মঙ্গোলিয়া, সিয়েরা লিওন ও তৎকালীন টাঙ্গানিকা—সদস্যপদ লাভ করে। পাশাপাশি সিরিয়া সংযুক্ত আরব প্রজাতন্ত্র থেকে পৃথক হয়ে নিজস্ব সদস্যপদ পুনরুদ্ধার করে। ফলে ওই বছর মোট সদস্যসংখ্যা দাঁড়ায় ১০৪। এ হিসাব অনুযায়ী জাতিসংঘ ১০০ সদস্যের সীমা অতিক্রম করে ১৯৬১ সালে। বিষয়টি উল্লেখযোগ্য, কারণ ১৯৬০ সালে সদস্যসংখ্যা ৯৯-এ পৌঁছালেও পরবর্তী বছরেই শততম সদস্যের মাইলফলক অতিক্রম করে সংস্থাটি।

এরপরও সদস্যসংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত থাকে। ১৯৬২ সালে আলজেরিয়া, বুরুন্ডি, জ্যামাইকা, রুয়ান্ডা, ত্রিনিদাদ ও টোবাগো এবং উগান্ডা যোগ দিয়ে মোট সদস্যসংখ্যা ১১০-এ উন্নীত করে। ১৯৬৩ সালে কেনিয়া, কুয়েত ও জাঞ্জিবার যোগ দেয়। ১৯৬৪ সালে মালাউই, মাল্টা ও জাম্বিয়া সদস্য হয়। একই বছরের ২৬ এপ্রিল জাঞ্জিবার ও টাঙ্গানিকা একীভূত হয়ে তানজানিয়া গঠন করে। ফলে জাঞ্জিবারের পৃথক সদস্যপদ বিলুপ্ত হয়। ১৯৬৫ সালে গাম্বিয়া, মালদ্বীপ ও সিঙ্গাপুর এবং ১৯৬৬ সালে বার্বাডোস, বতসোয়ানা, গায়ানা ও লেসোথো যোগ দেয়। এ সময় ইন্দোনেশিয়া সাময়িকভাবে জাতিসংঘ থেকে প্রত্যাহার করলেও ১৯৬৬ সালের সেপ্টেম্বরে আবার সংস্থাটিতে ফিরে আসে। ১৯৬৭ থেকে ১৯৭১ সালের মধ্যে দক্ষিণ ইয়েমেন, নিরক্ষীয় গিনি, মরিশাস, সোয়াজিল্যান্ড বা বর্তমান এসওয়াতিনি, ফিজি, বাহরাইন, ভুটান, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ জাতিসংঘে অন্তর্ভুক্ত হয়। এ সময়ের সম্প্রসারণের প্রধান চালিকাশক্তি ছিল এশিয়া ও আফ্রিকার উপনিবেশমুক্তি এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন।

১৯৭০-এর দশকেও সদস্যসংখ্যা দ্রুত বাড়ে। ১৯৭৩ সালে বাহামা এবং দুই জার্মান রাষ্ট্র—পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি—যোগ দেয়। ১৯৭৪ সালে বাংলাদেশ, গ্রেনাডা ও গিনি-বিসাউ সদস্যপদ লাভ করে। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। সদ্য স্বাধীন বাংলাদেশের জন্য এটি ছিল আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রীয় পরিচিতি ও কূটনৈতিক অবস্থান সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ অর্জন। ১৯৭৫ সালে কেপ ভার্দে, কোমোরোস, মোজাম্বিক, পাপুয়া নিউগিনি, সাও তোমে ও প্রিন্সিপে এবং সুরিনাম যোগ দেয়। ১৯৭৬ সালে অ্যাঙ্গোলা, সামোয়া ও সেশেলস এবং ১৯৭৭ সালে জিবুতি ও ভিয়েতনাম সদস্যপদ লাভ করে। ১৯৭৮ ও ১৯৭৯ সালে সলোমন দ্বীপপুঞ্জ, ডমিনিকা ও সেন্ট লুসিয়াও জাতিসংঘে যোগ দেয়।

১৯৮০-এর দশকে নতুন স্বাধীন রাষ্ট্রের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে সদস্যসংখ্যা আরও বৃদ্ধি পায়। ১৯৮০ সালে সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস এবং জিম্বাবুয়ে যোগ দেয়। ১৯৮১ সালে অ্যান্টিগুয়া ও বারবুডা, বেলিজ এবং ভানুয়াতু সদস্য হয়। ১৯৮৩ সালে সেন্ট কিটস ও নেভিস এবং ১৯৮৪ সালে ব্রুনেই দারুসসালাম যোগ দেয়। এরপর কয়েক বছর নতুন কোনো রাষ্ট্র সদস্যপদ লাভ করেনি। তবে ১৯৯০-এর দশকে সদস্যপদ বৃদ্ধির পেছনে উপনিবেশমুক্তির পাশাপাশি ইউরোপের রাজনৈতিক মানচিত্রের পরিবর্তন বিশেষ ভূমিকা রাখে। ১৯৯০ সালে নামিবিয়া ও লিশটেনস্টাইন জাতিসংঘের সদস্য হয়। একই বছর পূর্ব ও পশ্চিম জার্মানির পুনরেকত্রীকরণ এবং ইয়েমেনের দুই অংশের একীভূত হওয়ার কারণে সদস্যসংখ্যার হিসাবেও পরিবর্তন আসে। পূর্ব ও পশ্চিম জার্মানি একীভূত হয়ে একটি রাষ্ট্রে পরিণত হয় এবং উত্তর ও দক্ষিণ ইয়েমেন একীভূত হয়ে বর্তমান ইয়েমেন রাষ্ট্র গঠন করে। ফলে দুটি পৃথক সদস্যরাষ্ট্রের পরিবর্তে দুটি একীভূত রাষ্ট্র জাতিসংঘে প্রতিনিধিত্ব করতে থাকে।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনপ্রক্রিয়া এবং পূর্ব ইউরোপের রাজনৈতিক রূপান্তর জাতিসংঘের সদস্যপদ বৃদ্ধির ইতিহাসে নতুন অধ্যায় তৈরি করে। এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিরে আসে। উত্তর ও দক্ষিণ কোরিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়ার ফেডারেটেড স্টেটসও সদস্যপদ লাভ করে। সোভিয়েত ইউনিয়ন ওই বছরের ডিসেম্বরে বিলুপ্ত হলেও রাশিয়া তার আন্তর্জাতিক অবস্থান ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ অব্যাহত রাখে। ১৯৯২ সালে আর্মেনিয়া, আজারবাইজান, বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, জর্জিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, মলদোভা, সান মারিনো, স্লোভেনিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান যোগ দেয়। ১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়া ভেঙে যাওয়ার পর চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া পৃথক সদস্যরাষ্ট্র হিসেবে জাতিসংঘে অন্তর্ভুক্ত হয়। একই বছর আন্দোরা, ইরিত্রিয়া, মোনাকো ও তৎকালীন নাম ‘দ্য ফরমার ইউগোস্লাভ রিপাবলিক অব মেসিডোনিয়া’ বা বর্তমান উত্তর মেসিডোনিয়াও সদস্যপদ লাভ করে। ১৯৯৪ সালে পালাউ সদস্যপদ লাভ করে। ১৯৯৯ সালে কিরিবাতি, নাউরু ও টোঙ্গা যোগ দেয়। ২০০০ সালে টুভালু এবং তৎকালীন ফেডারেল রিপাবলিক অব যুগোস্লাভিয়া সদস্য হয়। পরবর্তী সময়ে ফেডারেল রিপাবলিক অব যুগোস্লাভিয়ার সদস্যপদের অবস্থান পরিবর্তিত হয় এবং ২০০৬ সালে মন্টেনেগ্রো পৃথকভাবে সদস্যপদ লাভ করে।

১৯৪৬ সালের ৯ জানুয়ারি জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতিনিধিরা সেন্ট জেমস প্রাসাদে রাজা ষষ্ঠ জর্জ কর্তৃক আয়োজিত এক রাজকীয় ভোজসভায় যোগ দেন২০০২ সালে সুইজারল্যান্ড ও পূর্ব তিমুর, ২০০৬ সালে মন্টেনেগ্রো এবং ২০১১ সালে দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ২০১১ সালের ১৪ জুলাই সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমে দক্ষিণ সুদান ১৯৩তম সদস্যরাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়। দেশটি ৯ জুলাই ২০১১ সুদান থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পেছনে ছিল দীর্ঘ গৃহযুদ্ধ, আন্তর্জাতিক মধ্যস্থতা এবং ২০১১ সালের গণভোট। দক্ষিণ সুদানের অন্তর্ভুক্তির পর থেকে নতুন কোনো রাষ্ট্র জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করেনি। ফলে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত সদস্যসংখ্যা ১৯৩-তেই স্থির রয়েছে। এ হিসাবে দক্ষিণ সুদানই জাতিসংঘের সর্বশেষ যোগ দেওয়া সদস্যরাষ্ট্র।

জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোকে ভৌগোলিক প্রতিনিধিত্ব ও নির্বাচনী কার্যক্রমের সুবিধার্থে পাঁচটি আঞ্চলিক গ্রুপে ভাগ করা হয়েছে। এগুলো হলো আফ্রিকান গ্রুপ, এশিয়া-প্যাসিফিক গ্রুপ, পূর্ব ইউরোপীয় গ্রুপ, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় গ্রুপ এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য রাষ্ট্রের গ্রুপ। জাতিসংঘের আঞ্চলিক গ্রুপের প্রকাশিত তালিকায় আফ্রিকান গ্রুপে ৫৪টি, এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৫৪টি, পূর্ব ইউরোপীয় গ্রুপে ২৩টি, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় গ্রুপে ৩৩টি এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য রাষ্ট্রের গ্রুপে ২৮টি সদস্যরাষ্ট্রের নাম রয়েছে। তবে এই সংখ্যাগুলো সরাসরি যোগ করে জাতিসংঘের মোট সদস্যসংখ্যা নির্ধারণ করা যায় না। কারণ, তুরস্ক এশিয়া-প্যাসিফিক ও পশ্চিম ইউরোপ ও অন্যান্য রাষ্ট্র—দুই গ্রুপের কার্যক্রমেই অংশ নেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র কোনো আঞ্চলিক গ্রুপের আনুষ্ঠানিক সদস্য নয়; তবে পশ্চিম ইউরোপ ও অন্যান্য রাষ্ট্রের গ্রুপের বৈঠকে পর্যবেক্ষক হিসেবে অংশ নেয় এবং নির্বাচনী কার্যক্রমে ওই গ্রুপের সঙ্গে যুক্ত থাকে।

তবে এই আঞ্চলিক গ্রুপগুলোকে সরাসরি মহাদেশ বা উপমহাদেশের জনসংখ্যা কিংবা দেশের সংখ্যার পরিসংখ্যান হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। কারণ, এগুলো মূলত জাতিসংঘের কূটনৈতিক ও নির্বাচনী প্রতিনিধিত্বের কাঠামো। যেমন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ভৌগোলিকভাবে ওশেনিয়ার অন্তর্ভুক্ত হলেও তারা পশ্চিম ইউরোপ ও অন্যান্য রাষ্ট্রের গ্রুপে রয়েছে। আবার তুরস্ক এশিয়া-প্যাসিফিক এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য রাষ্ট্র—দুই গ্রুপের কার্যক্রমেই অংশ নেয়, যদিও নির্বাচনের ক্ষেত্রে পশ্চিম ইউরোপ ও অন্যান্য রাষ্ট্রের সদস্য হিসেবে গণ্য হয়। একইভাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ আফ্রিকান বা এশিয়া-প্যাসিফিক গ্রুপের অন্তর্ভুক্ত। তাই মহাদেশভিত্তিক হিসাব এবং জাতিসংঘের আঞ্চলিক গ্রুপের হিসাব এক নয়। এই পার্থক্য বিবেচনায় নিয়েই সদস্যরাষ্ট্রের ভৌগোলিক প্রতিনিধিত্বের পরিসংখ্যান ব্যাখ্যা করা প্রয়োজন।

জাতিসংঘের বর্তমান ১৯৩ সদস্যের বাইরে আরও দুটি সত্তার রয়েছে বিশেষ পর্যবেক্ষক মর্যাদা। এগুলো হলো হলি সি এবং ফিলিস্তিন রাষ্ট্র। তারা পূর্ণ সদস্য নয়, তবে সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া এবং বক্তব্য দেওয়ার সুযোগ পায়। এ দুটি সত্তার অবস্থান ও সদস্য না হওয়ার প্রেক্ষাপট এক নয়।

হলি সি বলতে শুধু ভ্যাটিকান সিটি রাষ্ট্রকে বোঝায় না; এটি রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মীয় ও কূটনৈতিক কর্তৃপক্ষের আন্তর্জাতিক পরিচয়। ভ্যাটিকান সিটির সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। হলি সি ১৯৬৪ সাল থেকে জাতিসংঘে পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করে আসছে। পূর্ণ সদস্যপদ গ্রহণের পরিবর্তে পর্যবেক্ষক অবস্থান বজায় রাখার মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতিতে নিজের স্বতন্ত্র অবস্থান ও নিরপেক্ষ ভূমিকা অক্ষুণ্ণ রাখার বিষয়টি এর সঙ্গে সম্পর্কিত বলে ব্যাখ্যা করা হয়। তবে এটিকে হলি সির আনুষ্ঠানিকভাবে ঘোষিত সদস্য না হওয়ার কারণ হিসেবে উপস্থাপন করা ঠিক হবে না। জাতিসংঘের নথিতে সদস্য না হওয়ার জন্য কোনো বাধ্যতামূলক অযোগ্যতা বা বহিষ্কারের সিদ্ধান্তের উল্লেখ নেই। অর্থাৎ এটি সদস্যপদ থেকে বঞ্চিত কোনো রাষ্ট্র নয়; বরং পর্যবেক্ষক মর্যাদায় অংশগ্রহণকারী একটি স্বতন্ত্র সত্তা।

১৯৪২ সালের ১লা জানুয়ারি ওয়াশিংটন ডি.সিতে ‘ইউনাইটেড নেশনস ডিক্লারেশন’ বা জাতিসংঘ ঘোষণাপত্রে স্বাক্ষরের জন্য প্রতিনিধিরা সমবেত হন; পাশে বসে মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্টঅন্যদিকে ফিলিস্তিনের ক্ষেত্রে বিষয়টি অনেক বেশি রাজনৈতিক ও ভূরাজনৈতিক জটিলতার সঙ্গে জড়িত। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য আবেদন করেন। কিন্তু নিরাপত্তা পরিষদের সদস্যপদসংক্রান্ত কমিটি সর্বসম্মত সুপারিশে পৌঁছাতে পারেনি। ফলে আবেদনটি সাধারণ পরিষদে পূর্ণ সদস্যপদ অনুমোদনের পর্যায়ে পৌঁছায়নি। পরবর্তী সময়ে ২০১২ সালের ২৯ নভেম্বর সাধারণ পরিষদে ১৩৮টি দেশের সমর্থন, ৯টি দেশের বিরোধিতা এবং ৪১টি দেশের ভোটদানে বিরত থাকার মধ্য দিয়ে ফিলিস্তিনকে ‘নন-মেম্বার অবজারভার স্টেট’ বা অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়। এর ফলে ফিলিস্তিনের আন্তর্জাতিক কূটনৈতিক অংশগ্রহণের পরিসর বৃদ্ধি পায়, কিন্তু পূর্ণ সদস্যপদ অর্জিত হয়নি।

২০২৪ সালেও ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আবেদন নতুন করে বিবেচনায় আসে। ওই বছরের ১৮ এপ্রিল নিরাপত্তা পরিষদে পূর্ণ সদস্যপদের সুপারিশসংক্রান্ত খসড়া প্রস্তাবের পক্ষে ১২টি দেশ ভোট দেয়, যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দিয়ে ভেটো প্রয়োগ করে এবং দুটি দেশ ভোটদানে বিরত থাকে। ফলে প্রস্তাবটি পাস হয়নি। জাতিসংঘ সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের সুপারিশ ছাড়া সাধারণ পরিষদ কোনো রাষ্ট্রকে পূর্ণ সদস্য হিসেবে গ্রহণ করতে পারে না। এ কারণে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ অর্জনের পথে রাজনৈতিক মতপার্থক্য ও নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বাধা হয়ে রয়েছে।

এখানে আরেকটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। তাইওয়ান ও কসোভোসহ আরও কিছু রাষ্ট্র বা ভূখণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে বিতর্ক রয়েছে। তবে জাতিসংঘের স্বীকৃত দুই অ-সদস্য পর্যবেক্ষক সত্তার তালিকায় তাদের নাম নেই। তাই জাতিসংঘের সদস্য নয়—এমন সব সত্তাকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে বিবেচনা করা সঠিক নয়। পূর্ণ সদস্যপদ, পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা এবং আন্তর্জাতিক স্বীকৃতি—তিনটি পৃথক বিষয়।

সব মিলিয়ে ৫১ সদস্য নিয়ে শুরু হওয়া জাতিসংঘের ১৯৩ সদস্যে উন্নীত হওয়ার ইতিহাস মূলত বিশ্বরাজনীতির রূপান্তরের ইতিহাস। ১৯৪৫ সালে যেখানে ইউরোপ ও আমেরিকার প্রভাব ছিল তুলনামূলকভাবে প্রবল, সেখানে ঔপনিবেশিক শাসনের অবসানের পর এশিয়া ও আফ্রিকার বহু স্বাধীন রাষ্ট্রের অন্তর্ভুক্তি সংগঠনটিকে প্রকৃত অর্থে বৈশ্বিক চরিত্র দিয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতন, দুই জার্মানির একীভূত হওয়া, যুগোস্লাভিয়ার ভাঙন এবং দক্ষিণ সুদানের স্বাধীনতা জাতিসংঘের সদস্যসংখ্যা ও রাজনৈতিক কাঠামোতে নতুন মাত্রা যোগ করেছে। তবু ১৯৩ সদস্যের এই সংস্থায় সব রাষ্ট্রের পূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি। ফিলিস্তিনের সদস্যপদ প্রশ্ন, নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির জটিলতা সেই সীমাবদ্ধতাকে সামনে নিয়ে আসে। ফলে জাতিসংঘের আট দশকের অর্জন যেমন সদস্যসংখ্যার ব্যাপক সম্প্রসারণ, তেমনি এর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিক রাজনীতিতে সমতা, সর্বজনীন প্রতিনিধিত্ব ও কার্যকর বহুপক্ষীয় সহযোগিতা নিশ্চিত করা।

জাতিসংঘসদস্যইতিহাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল