রাউল কাস্ত্রোর বিরুদ্ধে পরোয়ানা জারি

কিউবার ৯৫ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন ফ্লোরিডা রাজ্যের মিয়ামির একটি আদালত। ১৯৯৬ সালে দুটি বেসামরিক বিমান গুলি করে ভূপাতিত করার ও চার আরোহীকে হত্যার অভিযোগে জামিন অযোগ্য (নো-বন্ড) এই পরোয়ানা। ফক্স নিউজ।
ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমেয়ার এ ঘটনায় রাউল কাস্ত্রোর ভূমিকা নিয়ে নতুন করে ফৌজদারি তদন্ত শুরু করার পর আদালত থেকে এই আদেশ আসে। গত শুক্রবারের জারি হওয়া এ পরোয়ান জনসমক্ষে প্রকাশ করা হয় গতকাল।
মামলার বিবরণ অনুযায়ী, ১৯৯৬ সালের ২৪ ফেব্রুয়ারি ফ্লোরিডাভিত্তিক মানবিক সংস্থা ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’-এর দুটি নিরস্ত্র বিমানকে কিউবার বিমানবাহিনী গুলি করে নামায়। এই হামলায় বিমানে থাকা চার আরোহী নিহত হন, যাদের মধ্যে তিনজনই ছিলেন মার্কিন নাগরিক। প্রসিকিউটরদের অভিযোগ, রাউল কাস্ত্রো ফ্লোরিডায় সক্রিয় কিউবান গুপ্তচরদের মাধ্যমে বিমানের ফ্লাইটসংক্রান্ত গোপন তথ্য সংগ্রহ করে এ হত্যাকাণ্ডের চূড়ান্ত নির্দেশ বা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।



