১৪ বছর পর স্পেনজুড়ে শ্রমিকদের ধর্মঘট, ক্ষোভের কেন্দ্রে কী

মাদ্রিদে ধর্মঘটের স্টিকারে ছেয়ে যাওয়া একটি বাস স্টপেজ— রয়টার্স
স্পেনে বুধবার সাধারণ ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। ঝড়ো আবহাওয়া উপেক্ষা করে তারা রাজপথে নেমে পিকেটিং করেন। আগাম সাধারণ নির্বাচনের তিন সপ্তাহেরও কম সময় আগে আবাসনসংকট ও বাড়িভাড়ার লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে এই গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়।
২০১২ সালে ইউরোজোনের ঋণসংকটের সময় সরকারের কৃচ্ছ্রসাধন নীতির বিরুদ্ধে শ্রমিকদের ধর্মঘটের পর স্পেনে এবারই প্রথম সাধারণ ধর্মঘট পালিত হচ্ছে। দেশটির সবচেয়ে বড় দুটি শ্রমিক সংগঠন ইউজিটি ও সিসিওও এ ধর্মঘটে সমর্থন দিয়েছে। সংগঠন দুটির প্রতিনিধিত্বে রয়েছেন ১০ লাখের বেশি শ্রমিক। বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের ঘটনায় ক্ষুব্ধ ভাড়াটিয়াদের সংগঠনগুলোও ধর্মঘটে সমর্থন জানিয়েছে।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আশা করছেন, ২৯ নভেম্বরের নির্বাচনে আবাসনসংকট নিয়ে ভোটারদের ক্ষোভ কাজে লাগিয়ে রাজনৈতিক আলোচনার গতিপথ বদলাতে পারবেন। এতে তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জড়িত দুর্নীতির মামলা এবং গত মাসের প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা থেকে মানুষের মনোযোগ সরানো সম্ভব হবে। তবে জনমত জরিপে এখনো তাঁর সমাজতান্ত্রিক দল পিছিয়ে রয়েছে।
স্পেনজুড়ে ধর্মঘটে অংশগ্রহণের হার একরকম না হলেও শ্রমিক সংগঠনগুলো একে সফল বলে দাবি করেছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে ধর্মঘটের প্রতি সমর্থন ছিল বেশি। এসব এলাকায় আবাসনসংকটের চাপও তুলনামূলক তীব্র।
দোকানপাট বন্ধ
রাজধানী মাদ্রিদের অন্যতম প্রধান কেনাকাটার সড়ক গ্রান ভিয়ায় ব্যাপক দাঙ্গা পুলিশ মোতায়েনের মধ্যে প্রাইমার্ক, এইচঅ্যান্ডএম ও পুল অ্যান্ড বিয়ারের মতো দোকানপাট বন্ধ রাখা হয়। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘আমরা ম্যাঙ্গো দোকান বন্ধ করে দেব।’
অস্থিরতার আশঙ্কায় বার্সেলোনার অনেক দোকানও বন্ধ রাখা হয় এবং সেগুলোর সামনে কাঠের পাটাতন দিয়ে প্রবেশপথ আটকে দেওয়া হয়।
দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, স্পেনে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। ২০২৮ সালের মধ্যে এই ঘাটতি ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।
বাড়ি কেনার সামর্থ্য কমে যাওয়ায় দেশটিতে ভাড়া বাসার চাহিদা দ্রুত বেড়েছে। এতে ভাড়াবাজারে চাপ তৈরি হয়েছে। স্পেনের যুব কাউন্সিলের হিসাব অনুযায়ী, দেশটিতে গড় মাসিক বাড়িভাড়া ১ হাজার ১৭৬ ইউরো (১ হাজার ৩১৫ ডলার)। তরুণদের গড় মাসিক বেতনের প্রায় ৯৮ দশমিক ৭ শতাংশই চলে যায় বাড়িভাড়া দিতে।
মাদ্রিদের বাসিন্দা ৩৬ বছর বয়সী হেসুস গনসালেস একটি হাসপাতালের তথ্যপ্রযুক্তি বিভাগে কাজ করেন। ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘আমার বয়স ৩৬ বছর, অথচ এখনো একা থাকার মতো বাসায় উঠতে পারিনি। বাড়িভাড়া শুধু বাড়ছেই, বাড়ির দামও বাড়ছে। পরিস্থিতি এমন যে কিছুই করা সম্ভব হচ্ছে না।’
বন্দর ও গাড়ি কারখানায় ধর্মঘটের প্রভাব বেশি
স্পেনের প্রধান ব্যবসায়ী সংগঠন সিইওইর ভাইস প্রেসিডেন্ট আঙ্গেলা দে মিগেল বলেন, ধর্মঘটের ফলে উল্টো ক্ষতি হচ্ছে। কারণ, আবাসনসংকটে ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাড়ির ঘাটতির কারণে কর্মী নিয়োগ করাও কঠিন হয়ে পড়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে তিনি বলেন, আরও বেশি বাড়ি নির্মাণ এবং নির্মাণ ও বাড়ি কেনার প্রক্রিয়ায় কর কমানোই এর সমাধান। তাঁর দাবি, গত এক দশকে এসব খাতে করের কারণে নতুন বাড়ি কেনার চূড়ান্ত দাম ৪০ শতাংশ বেড়েছে।
বিকেলে বড় ধরনের বিক্ষোভ মিছিলের পরিকল্পনা থাকলেও চার্লস ও ব্রুনা নামের দুটি ঝড়ের কারণে তা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। ঝড় দুটির প্রভাবে প্রবল বাতাস, উত্তাল সমুদ্র ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করে আবহাওয়া সংস্থা এইএমইটি। দেশটির ১৪টি অঞ্চলে এ সতর্কতা জারি করা হয়।
ইউজিটি ও সিসিওওর দাবি, ধর্মঘটের শুরুতে বন্দর ও গাড়ি নির্মাণ খাতে অংশগ্রহণের হার ৯০ শতাংশে পৌঁছায়। নাভারায় ভক্সওয়াগেন এবং বার্সেলোনায় সিয়াটের কারখানাসহ বিভিন্ন কারখানায় ‘সম্পূর্ণ উৎপাদন বন্ধ’ ছিল।
বিদ্যুতের চাহিদা ১০ শতাংশ কমে যাওয়াকেও শিল্পকারখানায় ধর্মঘটের প্রভাবের প্রমাণ হিসেবে তুলে ধরেছে সংগঠন দুটি। তাদের দাবি, পেট্রোকেমিক্যাল, ইস্পাত প্রক্রিয়াজাতকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও পরিবহন খাতের বড় একটি অংশের কার্যক্রম বন্ধ ছিল।
তবে সিইওই বলেছে, বিদ্যুতের চাহিদা কমার হার আগের সাধারণ ধর্মঘটের সময়ের ১৪ শতাংশের চেয়ে কম।
দূর থেকে কাজের সুযোগে প্রভাব কমার আশঙ্কা
বিবিভিএ রিসার্চের প্রধান অর্থনীতিবিদ মিগেল কারদোসোর মতে, দূর থেকে কাজের সুযোগ বৃদ্ধি এবং স্পেনের অর্থনীতিতে সেবা খাতের ক্রমবর্ধমান গুরুত্বের কারণে এবারের ধর্মঘটের প্রভাব আগের বছরগুলোর তুলনায় কম হতে পারে। তাঁর হিসাব, এই ধর্মঘটের কারণে স্পেনের বার্ষিক মোট দেশজ উৎপাদন (জিডিপি) ০ দশমিক ১ থেকে ০ দশমিক ২ শতাংশ কমতে পারে।
বার্সেলোনার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাতায়াতের ব্যস্ত সময় ছাড়া অন্য সময়ে কোনো ট্রেন চলবে না। অন্যদিকে মাদ্রিদের মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দিনের বেশির ভাগ সময় ট্রেন চলাচল ৫০ শতাংশ কমানো হয়েছে। তবে ব্যস্ত সময়ে স্বাভাবিক চলাচলের ৮০ শতাংশ পর্যন্ত ট্রেন চালানো হবে। মাদ্রিদ মেট্রোর তথ্য অনুযায়ী, গত সপ্তাহের একই সময়ের তুলনায় ব্যস্ত সময়ে যাত্রী চলাচল ৪২ শতাংশ কম ছিল।
সিসিওও শ্রমিক সংগঠন এক্সে জানিয়েছে, মাদ্রিদের মারকামাদ্রিদ পাইকারি বাজারে পিকেটিংয়ের সময় পুলিশ কাঁদানে গ্যাস স্প্রে করেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ১৩ জনের চিকিৎসার প্রয়োজন হয়েছে।
পুলিশের এক মুখপাত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও কাঁদানে গ্যাস স্প্রে করার কথা নিশ্চিত করেননি। তবে তিনি বলেন, কারাবানচেল এলাকায় আলাদা একটি পিকেটিং কর্মসূচি ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল।
শ্রমিক সংগঠনগুলো জানিয়েছে, পুলিশের অভিযানে কাঁদানে গ্যাস ও লাঠি ব্যবহারের ঘটনাকে তারা ‘মাত্রাতিরিক্ত’ বলছে। এ ঘটনায় ২০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। এ নিয়ে তারা ফৌজদারি অভিযোগ দায়ের করবে।
মাদ্রিদে ৮৭ বছর বয়সী এক নারীকে উচ্ছেদ এবং পরে তাঁর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছিল। সেই ধারাবাহিকতায় এই ধর্মঘট পালিত হলো।
ওই বিক্ষোভ এবং উচ্ছেদ ঠেকানো ও বাড়িভাড়ার চাপ কমাতে সরকারের জারি করা কয়েকটি ডিক্রি গত মাসে পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। এসব ঘটনার পরই আগাম নির্বাচনের ডাক দেন সানচেজ।




