সেউতা সংকট মোকাবিলায় সমন্বিত অভিবাসন কৌশলে ইইউ’র জোর
- সেউতা সংকটে ইইউ’র নেতৃত্বে আয়ারল্যান্ড
- সীমান্ত সুরক্ষা, মানবিক দায়বদ্ধতা ও নতুন অভিবাসন কৌশলের পথে ইউরোপ

জরুরি বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিগত ঐকমত্যে পৌঁছায় ইইউ কাউন্সিলের সদস্যরাষ্ট্রগুলো। ছবি: সংগৃহীত
স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় সাম্প্রতিক অনিয়মিত অভিবাসী প্রবেশকে কেন্দ্র করে নতুন অভিবাসন সংকটের মুখে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সীমান্তে কয়েক দিনের ব্যবধানে হাজার হাজার মানুষ প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি দ্রুত রূপ নেয় মানবিক ও নিরাপত্তা সংকটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন প্রায় ৫০ থেকে ৬০ হাজার মানুষ এবং এ ঘটনায় বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর পরপরই সংকট মোকাবিলায় জরুরি রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা শুরু করে ইইউ। এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে বর্তমানে ইইউ কাউন্সিলের ২০২৬ সালের সভাপতিত্বকারী দেশ আয়ারল্যান্ড।
ইইউ কাউন্সিলের সভাপতির দায়িত্বে থাকা দেশ হিসেবে আয়ারল্যান্ডের প্রধান ভূমিকা সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় গড়ে তোলা, জরুরি বৈঠক আহ্বান, নীতিগত ঐকমত্য সৃষ্টি এবং সংকট মোকাবিলায় অভিন্ন ইউরোপীয় অবস্থান নিশ্চিত করা। সেউতা সংকটের পর ডাবলিনের কূটনৈতিক তৎপরতাও মূলত এই সমন্বয়মূলক দায়িত্বকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে।
সেউতা পরিস্থিতির পর আয়ারল্যান্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের জাস্টিস অ্যান্ড হোম অ্যাফেয়ার্স কাউন্সিলের জরুরি বৈঠকে সদস্যরাষ্ট্রগুলো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিগত ঐকমত্যে পৌঁছায়। বৈঠকে প্রথমেই জোর দেওয়া হয়, সেউতা শুধু স্পেনের সীমান্ত নয়, এটি পুরো ইউরোপীয় ইউনিয়নের বহির্বর্তী সীমান্ত। ফলে সংকটটিকে একটি দেশের সমস্যা হিসেবে নয়, বরং সমগ্র ইইউর যৌথ চ্যালেঞ্জ হিসেবে মোকাবিলা করতে হবে।
এ অবস্থানের অংশ হিসেবে সদস্যরাষ্ট্রগুলো স্পেনের প্রতি পূর্ণ রাজনৈতিক সংহতি প্রকাশ করে এবং বহির্বর্তী সীমান্ত সুরক্ষায় যৌথ পদক্ষেপ জোরদারের পক্ষে মত দেয়। আয়ারল্যান্ড সদস্যদেশগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করে এবং বিভক্ত অবস্থানের পরিবর্তে সমন্বিত ইউরোপীয় কৌশলের ওপর গুরুত্ব আরোপ করে।
জরুরি বৈঠকে বহির্বর্তী সীমান্ত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার বিষয়েও সিদ্ধান্ত হয়। সদস্যরাষ্ট্রগুলো মনে করে, ভবিষ্যতে এ ধরনের অনিয়মিত প্রবেশ ঠেকাতে সীমান্ত নজরদারি, প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ, সমুদ্রপথে টহল এবং ফ্রনটেক্সের কার্যক্রম আরও সম্প্রসারণ প্রয়োজন। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে সমন্বিত গোয়েন্দা অভিযান পরিচালনা এবং স্পেন-মরক্কো সীমান্তে নজরদারি প্রযুক্তি উন্নয়ন ও যৌথ বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে দ্রুত ও কার্যকর প্রত্যাবাসন ব্যবস্থার ওপরও জোর দেওয়া হয়। সদস্যরাষ্ট্রগুলোর মতে, আন্তর্জাতিক সুরক্ষা পাওয়ার যোগ্য নন, এমন ব্যক্তিদের আবেদন দ্রুত নিষ্পত্তি করে নিজ দেশে ফেরানোর ব্যবস্থা আরও কার্যকর করতে হবে। পাশাপাশি যুদ্ধ, নির্যাতন বা মানবিক সংকট থেকে পালিয়ে আসা ব্যক্তিদের আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়। অর্থাৎ, নিরাপত্তা ও মানবিক দায়বদ্ধতার মধ্যে ভারসাম্য বজায় রাখার নীতিকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।
জরুরি বৈঠকে ইইউর নতুন মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্যাক্ট দ্রুত বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। সদস্যরাষ্ট্রগুলোর মতে, এই কাঠামো কার্যকর হলে বহির্বর্তী সীমান্তে আগত ব্যক্তিদের দ্রুত স্ক্রিনিং, অভিন্ন আশ্রয় প্রক্রিয়া, সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে দায়িত্ব ভাগাভাগি এবং এক দেশ থেকে অন্য দেশে অনিয়ন্ত্রিত স্থানান্তর অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আয়ারল্যান্ডের সভাপতিত্বে এই প্যাক্ট বাস্তবায়নের সময়সূচি ও সমন্বয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
আলোচনায় উৎস ও ট্রানজিট দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব জোরদারের বিষয়টিও গুরুত্ব পায়। বিশেষ করে মরক্কোর সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা, মানবপাচার প্রতিরোধ, তথ্য বিনিময় ও যৌথ অভিযান বাড়ানোর বিষয়ে সদস্যরাষ্ট্রগুলো একমত হয়। একই সঙ্গে উত্তর আফ্রিকার দেশগুলোর সঙ্গে উন্নয়ন সহযোগিতা, কর্মসংস্থান এবং বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে অনিয়মিত অভিবাসনের চাপ কমানোর ওপরও জোর দেওয়া হয়।
বিশ্লেষকদের মতে, আয়ারল্যান্ডের সভাপতিত্বের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো সংকটকে শুধু সীমান্ত নিরাপত্তার প্রশ্ন হিসেবে না দেখে একটি বহুমাত্রিক ইউরোপীয় চ্যালেঞ্জ হিসেবে উপস্থাপন করা। কারণ সেউতায় চাপ বাড়লে তার প্রভাব শুধু স্পেনেই সীমাবদ্ধ থাকে না, ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগালসহ পুরো ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন, নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতিতেও এর প্রতিফলন দেখা যায়। এ বাস্তবতা বিবেচনায় আয়ারল্যান্ড সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে দায়িত্ব ভাগাভাগি, সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ এবং অভিন্ন নীতির ওপর গুরুত্ব দিচ্ছে।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেউতা সংকট আয়ারল্যান্ডের ইইউ কাউন্সিলের সভাপতিত্বের প্রথম বড় পরীক্ষা। এখন পর্যন্ত ডাবলিনের কৌশল ছিল সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে মতৈক্য সৃষ্টি, বহির্বর্তী সীমান্ত সুরক্ষাকে যৌথ দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা, মানবপাচারকারী নেটওয়ার্কের বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা গ্রহণ, আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থাকে কার্যকর রাখা এবং নতুন মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্যাক্ট দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধানের ভিত্তি তৈরি করা।
যদিও ইউরোপের দক্ষিণ সীমান্তে অভিবাসন সংকট পুরোপুরি কাটেনি, তবু সেউতা-পরবর্তী কূটনৈতিক উদ্যোগে একটি বিষয় স্পষ্ট হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এখন বিচ্ছিন্ন উদ্যোগের বদলে সমন্বিত নীতির মাধ্যমে সংকট মোকাবিলার পথেই এগোতে চায়। আর সেই সমন্বয় প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইইউ কাউন্সিলের বর্তমান সভাপতি আয়ারল্যান্ড।







