মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির আলোচনা সভা

গ্রাফিকস: আগামীর সময়
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘১৭ বছরের অপ্রতিরোধ্য সংগ্রামের রক্তঝরা জুলাই’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করছে ক্ষমতাসীন দল বিএনপি। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান সঞ্চালনা করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আলোচনা সভায় থাকবেন বিএনপির নেতৃত্বাধীন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর নেতারাও।
এ সব তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো যেভাবে ধারাবাহিক কর্মসূচি পালন করছে, অন্য কোনো রাজনৈতিক দল তেমন গঠনমূলক কর্মসূচি পালন করছে না। তার দাবি, ঢাকাসহ সারা দেশে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি চলমান রয়েছে। পাশাপাশি বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনও পালন করছে বিভিন্ন কর্মসূচি।
তিনি আরও বলেন, ‘বিএনপি শুধু কথায় বিশ্বাসী নয়, তারা বাস্তবে কাজে বিশ্বাসী। বিএনপির চেয়ারম্যান যে ‘৩১ দফা’ ঘোষণা করেছিলেন, দেশের কল্যাণে তা তিনি বাস্তবায়ন করবেন। এ ছাড়া রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদও অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার।’





