ছারপোকার কারণে যুক্তরাজ্যে বন্ধ ট্রেন চলাচল

সংগৃহীত ছবি
ট্রেনে চড়েছেন যাত্রীরা, কিন্তু চালকের কেবিনে উঠে বসেছে ছারপোকা। এমন অনাকাঙ্খিত ‘যাত্রী’ সামলাতে গিয়ে যুক্তরাজ্যে বেশ কয়েকটি ট্রেনের চলাচল বাতিল করতে হয়েছে। কেন্ট, ইস্ট সাসেক্স ও গ্রেটার লন্ডনে চলাচলকারী দুটি ট্রেনের চালকের কেবিনে ছারপোকা পাওয়ার পর বগিগুলো বন্ধ করে দেওয়া হয়। তবে যাত্রীদের জন্য নির্ধারিত অংশে ছারপোকার দেখা মেলেনি বলে জানিয়েছে লন্ডনে ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান সাউদার্ন ইস্টার্ন।
প্রতিষ্ঠানটি বলেছে, ট্রেন দুটি শুধু ‘পরিদর্শন ও প্রয়োজন হলে কীটনাশক প্রয়োগের জন্য উপযুক্ত স্থানে ফিরিয়ে নেওয়ার’ সময় চলাচল করেছে।
২২ সেপ্টেম্বর ছারপোকা দেখতে পাওয়ার পর মূল রেলপথের কয়েকটি ট্রেনের চলাচল বাতিল করা হয়। তবে হাই স্পিড ১-এর কোনো ট্রেনে ছারপোকা পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সাউদার্ন ইস্টার্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, আক্রান্ত ট্রেনগুলো হেস্টিংসের ওয়েস্ট মেরিনা ডিপোতে রাখা হয়েছিল। লন্ডন থেকে আসা ট্রেনগুলোর শেষ গন্তব্যও এই স্থান।
এই রুটের ট্রেনগুলো ব্যাটল, টানব্রিজ ওয়েলস ও সেভেনঅক্স হয়ে চলাচল করে।
প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, ট্রেন ও স্টেশনগুলো ‘পুঙ্খানুপুঙ্খভাবে’ পরিষ্কার করা হয়, যাতে যাত্রীরা ‘নিরাপদে ও নিশ্চিন্তে’ ভ্রমণ করতে পারেন।
সাউদার্ন ইস্টার্নের চালকদের প্রধান অলি টার্নার বললেন, ‘আমাদের চালকদের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক রয়েছে। এ ধরনের বিচ্ছিন্ন ঘটনায় তারা আমাদের সঙ্গে সহযোগিতা করে ব্যাপক সহায়তা করেছেন।’
তিনি বললেন, ‘এ ধরনের কোনো খবর পাওয়ার পর ট্রেনগুলোকে আবার চলাচল করতে দেওয়ার আগে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করি। সবকিছু ঠিক আছে বলে নিশ্চিত হওয়ার পরই সেগুলোকে আবার চলাচল করতে দেওয়া হয়।’
তার ভাষ্য, ‘এসব ঘটনা আমাদের মাত্র দুটি ট্রেনের চালকের কেবিনে সীমাবদ্ধ ছিল। যাত্রীদের জন্য নির্ধারিত কোনো এলাকায় ছারপোকা পাওয়া যায়নি।’
সূত্র: বিবিসি




