চীনের কাশগরে বিশ্ব মেয়র সংলাপের প্রতিনিধিরা, গুরুত্ব পেল টেকসই নগর উন্নয়ন

ছবি: সিনহুয়া নিউজ এজেন্সি
ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি টেকসই নগর উন্নয়নের পথ অনুসন্ধানে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কাশগর শহর ও এর আশপাশের এলাকা পরিদর্শন করেছেন বিশ্ব মেয়র সংলাপের প্রতিনিধিরা।
গত ২৪ ও ২৫ নভেম্বর ‘বিশ্ব মেয়র সংলাপ ২০২৬–উরুমচি’ শীর্ষক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নেওয়া প্রতিনিধিদের একটি দল এ সফরে অংশ নেয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, সফরকালে প্রতিনিধিরা কাশগরের প্রাচীন নগরী পরিদর্শন করেন। সেখানে নগর পুনর্নবীকরণ, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং প্রাচীন নগরগুলোর টেকসই উন্নয়নের উপায় নিয়ে মতবিনিময় করেন তারা।
পরিদর্শনের সময় প্রতিনিধিরা স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্যবাহী কারুশিল্প ও মানুষের জীবনযাত্রার সঙ্গে পরিচিত হন। তাদের কেউ কাঠের ব্লকের সাহায্যে ঐতিহ্যবাহী ছাপচিত্র তৈরির অভিজ্ঞতা নেন, কেউ স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নেন। এ ছাড়া স্থানীয় জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক পরে শিল্পীদের সঙ্গে সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেন প্রতিনিধিদের কয়েকজন।
প্রতিনিধিরা কাশগরের প্রাচীন নগরীতে চীনা ও আফ্রিকান সংস্কৃতির সমন্বয়ে গড়ে ওঠা একটি ক্যাফেও পরিদর্শন করেন। সেখানে ভিন্ন সংস্কৃতির সহাবস্থান ও আন্তঃসাংস্কৃতিক বিনিময়ের অনন্য দৃষ্টান্ত প্রত্যক্ষ করেন তারা।
সফরের দ্বিতীয় দিনে, ২৫ নভেম্বর, প্রতিনিধিরা সিনচিয়াংয়ের মাকিত কাউন্টিতে পরিবেশ সুরক্ষায় গড়ে তোলা একটি প্রতিরক্ষামূলক বনাঞ্চল পরিদর্শন করেন।
বিশ্ব মেয়র সংলাপের আওতায় আয়োজিত এ সফরে নগর উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক যোগাযোগের বিষয়গুলো গুরুত্ব পায়। ঐতিহাসিক নগরীগুলোর স্বকীয়তা বজায় রেখে আধুনিক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে এ আয়োজন।




