ফের বন্যার আশঙ্কায় উদ্ধারকাজ স্থগিত চীনের
আগামীর সময় প্রতিবেদন

গত ২৬ আগস্ট নেপাল-তিব্বতের ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়পা বানের রেশ না কাটতেই সেই একই এলাকায় শিগগির আরও একটি বানের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে তিব্বতে উদ্ধারকাজ স্থগিত করেছে চীন।
গতকাল শুক্রবার চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভি নিশ্চিত করেছে এ তথ্য। সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বত-নেপাল সীমান্তের কাছের নতুন একটি ‘ব্যারিয়ার হ্রদের’ সন্ধান মিলেছে এবং যেকোনো সময় সেটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আগামী তিন দিন তিব্বতে উদ্ধারকাজ স্থগিত থাকবে। ‘ব্যারিয়ার হ্রদ’ হলো এমন একধরনের হ্রদ, যা সাধারণত কোনো নদী বা জলপ্রবাহের পথ প্রাকৃতিক বাধায় আটকে গিয়ে সৃষ্টি হয়। বুধবার নেপাল-তিব্বতে যে ভয়াবহ আকস্মিক বান দেখা দিল, সেটির কারণও একটি ব্যারিয়ার হ্রদ।







