উন্নয়নের গল্প নয়, চার কোটি বেকারের কর্মসংস্থান চায় যুব ইউনিয়ন

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান যুব ইউনিয়ন নেতারা
প্রতিবছর বিপুলসংখ্যক যুবক শ্রমবাজারে প্রবেশ করলেও দেশে পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না বলে জানিয়েছে যুব ইউনিয়ন। সংগঠনটি বলছে, এ অবস্থায় উন্নয়নের গল্প না করে কর্মসংস্থানের বাস্তব হিসাব জনগণের সামনে তুলে ধরতে হবে।
যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এসব কথা বলেছেন সংগঠনটির নেতারা।
সমাবেশে বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বলেন, ‘দেশে কর্মসংস্থানের সংকট বাড়ছে। বেকারত্বের পাশাপাশি শিল্প-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে বিপুলসংখ্যক মানুষ কর্মহীন হচ্ছেন। বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট দূর করতে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনার প্রয়োজন।’
সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু বলেন, ‘প্রতিবছর প্রায় ২০ লাখ যুবক দেশের শ্রমবাজারে প্রবেশ করেন। তাদের মধ্যে বিপুলসংখ্যক উচ্চশিক্ষিত যুবক চাকরির জন্য দীর্ঘদিন অপেক্ষা করেন। চাকরি না পাওয়াকে ব্যক্তির ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই। রাষ্ট্রকে যুবকদের কাজের অধিকার নিশ্চিত করতে হবে।’
যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহীন ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন— দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইরান মোল্লা, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা প্রমুখ।
সমাবেশে সরকারের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধ, নতুন শিল্পনীতি ঘোষণা, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি এবং যুবকদের কর্মসংস্থানের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান বক্তারা।








