দক্ষিণ কোরিয়ায় রেকর্ড সংখ্যক বিদেশি শিক্ষার্থী, শীর্ষে ভিয়েতনাম

কোরিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ বছর বিদেশি শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭ হাজার ৪৬৪ জনে
দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর সংখ্যা রেকর্ড ৩ লাখ ছাড়িয়ে গেছে। একই সাথে শিক্ষার্থী সংখ্যার বিচারে চীনকে পেছনে ফেলে প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছে ভিয়েতনাম। তবে দেশটির জন্মহার হ্রাসের প্রভাবে কিন্ডারগার্টেন থেকে হাইস্কুল পর্যায় পর্যন্ত শিক্ষার্থী সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।
দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয় এবং কোরিয়ান এডুকেশনাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যৌথভাবে প্রকাশিত ‘২০২৬ বেসিক এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স’ জরিপ প্রতিবেদনে বুধবার এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, কোরিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ বছর বিদেশি শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭ হাজার ৪৬৪ জনে, যা আগের বছরের তুলনায় ২১.৩ শতাংশ বেশি। জাতীয়তার ভিত্তিতে ভিয়েতনামের শিক্ষার্থী সংখ্যা সবচেয়ে বেশি—৯৬,৮৩৪ জন (মোট শিক্ষার্থীর ৩১.৫%)। দ্বিতীয় স্থানে থাকা চীনের শিক্ষার্থী ৭৮,৮৯০ জন (২৫.৭%)। এছাড়া তালিকায় যথাক্রমে রয়েছে উজবেকিস্তান (২০,৮৭৬ জন বা ৬.৮%), নেপাল (২০,১১৮ জন বা ৬.৫%) এবং মঙ্গোলিয়া (১৭,১৮৯ জন বা ৫.৬%)।
অন্যদিকে, স্কুলগামী জনসংখ্যা হ্রাসের কারণে দেশের কিন্ডারগার্টেন থেকে হাইস্কুল পর্যন্ত মোট শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৭ জন কমে ৫৩ লাখ ৬২,২৮১ জনে নেমে এসেছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমেছে ৫.৪ শতাংশ। শিক্ষার্থীদের সংখ্যা কমায় শ্রেণিভিত্তিক গড় শিক্ষার্থী সংখ্যাও হ্রাস পেয়েছে—প্রাথমিকে প্রতি ক্লাসে গড়ে ১৮.৬ জন, মাধ্যমিকে ২৪.৫ জন এবং হাইস্কুলে ২৩.১ জন শিক্ষার্থী রয়েছে।
তবে সাধারণ শিক্ষার্থী সংখ্যা কমলেও কোরিয়ার প্রাথমিক, মাধ্যমিক ও হাইস্কুলগুলোতে অভিবাসী ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীর সংখ্যা ৮,৬৩০ জন বেড়ে ২ লাখ ১০,৮৩৮ জনে পৌঁছেছে। মোট দেশের মোট স্কুলগামী শিক্ষার্থীর মধ্যে এখন ৪.৩ শতাংশই অভিবাসী পরিবারের সন্তান।







