ব্যাংককে তেল শোধনাগারে বিস্ফোরণ, আহত ৯

ছবি: রয়টার্স
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি তেল শোধনাগারে বৃহস্পতিবার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় আশপাশের এলাকার বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের পর ফ্রা খানং তেল শোধনাগারের সব উৎপাদন ইউনিট বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে থাইল্যান্ডের জ্বালানি কোম্পানি ব্যাংচাক করপোরেশন।
ব্যাংককের ইরাওয়ান জরুরি চিকিৎসাকেন্দ্র জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহত ৯ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
পূর্ব ব্যাংককে অবস্থিত বিশাল এই স্থাপনাটি পরিচালনা করে থাইল্যান্ডের জ্বালানি খাতের বড় প্রতিষ্ঠান ব্যাংচাক করপোরেশন। কোম্পানিটি জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, শোধনাগারের হাইড্রোক্র্যাকিং ইউনিটে এ ঘটনা ঘটেছে।
কোম্পানিটি আরও জানিয়েছে, শোধনাগারের ৩ থেকে ৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বায়ুর মান পরীক্ষা করেছে দূষণ নিয়ন্ত্রণ বিভাগ। পরীক্ষায় বায়ুর মান স্বাভাবিক সীমার মধ্যে পাওয়া গেছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে থাইল্যান্ডের জ্বালানিমন্ত্রী আকানাত প্রমফান সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ডিস্টিলেশন টাওয়ারে আগুনের সূত্রপাত হয়েছে। টাওয়ারটি তেলের ডিপো থেকে অন্তত ১০০ মিটার দূরে ছিল। এ কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত রাখা সম্ভব হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পূর্ব ব্যাংককের ওই স্থাপনার ওপর দিয়ে উঁচু হয়ে আগুনের শিখা উঠছে। ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে রাজধানীর আকাশ জুড়ে।
ব্যাংনা জেলা কার্যালয় তাদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘নিজেদের নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে ওই এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।’
চিয়াং মাই থেকে আলজাজিরার সংবাদদাতা টনি চেং জানান, স্থানীয় সময় বেলা ৩টার দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তেল স্থাপনাটি ‘শহরের কেন্দ্রের বেশ কাছাকাছি হলেও কিছুটা নির্জন এলাকায় অবস্থিত। সেখানে অনেক শিল্পপ্রতিষ্ঠানের কার্যালয় ও গুদাম রয়েছে। ব্যাংককের প্রধান সমুদ্রবন্দরের কাছেও এটি অবস্থিত’।
চেং বললেন, ‘কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।’ তিনি আরও জানান, ওই এলাকার মহাসড়ক ও বেশির ভাগ প্রধান সড়কে যান চলাচল এখনো স্বাভাবিক রয়েছে।
চেংয়ের ভাষ্য, আকাশ জুড়ে ছড়িয়ে পড়া কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখেই কর্তৃপক্ষ বাসিন্দাদের এলাকা ছাড়ার সতর্কবার্তা দিয়ে থাকতে পারে। তিনি বললেন, ‘গত কয়েক বছরেও ওই এলাকায় শিল্পকারখানায় দুর্ঘটনা ঘটতে দেখা গেছে। এই শোধনাগার শুধু ব্যাংকক নয়, মধ্য থাইল্যান্ডের বড় একটি অংশে জ্বালানি সরবরাহ করে। থাইল্যান্ডের এই অংশে আমদানি করা তেলের বেশির ভাগই এখানে আসে।’
চেং বললেন, ‘এ মুহূর্তে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানা যায়নি। তবে ধারণা করা যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড়।’
ব্যাংচাক করপোরেশনের ওয়েবসাইটে শোধনাগারটিকে ‘আধুনিক সমন্বিত শোধনাগার’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এর দৈনিক সর্বোচ্চ পরিশোধনক্ষমতা ১ লাখ ২০ হাজার ব্যারেল।
২০১২ সালের জুলাই মাসেও এই শোধনাগারে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সে সময় এর মালিক ছিল ব্যাংচাক পেট্রোলিয়াম, যা পরে ব্যাংচাক করপোরেশনে রূপ নেয়। ওই বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সেই সময় প্রশ্ন উঠেছিল, এত বড় একটি শোধনাগার কেন ব্যাংককের বর্তমান আবাসিক এলাকার মধ্যে স্থাপন করা হয়েছিল।




