মিসরে মৃত্যুর তিন বছর পর উদ্ধার সাবেক মন্ত্রীর বোনের মরদেহ

ছবি: রয়টার্স
মিসরের রাজধানী কায়রোর পাশের গিজা প্রদেশের আল-হারাম এলাকার একটি আবাসিক ফ্ল্যাট থেকে ৭২ বছর বয়সী এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ড. গাদা হাইকাল নামের ওই নারী মিসরের সাবেক তথ্যমন্ত্রী ওসামা হাইকালের বোন।
পেশায় চক্ষুরোগ বিশেষজ্ঞ ওই নারী অবসর নেওয়ার পর স্বামীর সঙ্গে ফ্ল্যাটটিতে বসবাস করতেন। স্বামীর মৃত্যুর পর সেখানে একাই থাকতেন তিনি। ধারণা করা হচ্ছে, প্রায় তিন বছর আগে তার মৃত্যু হয়েছিল। এত দিন পর উদ্ধার হলো তার মরদেহ।
মিসরের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্ল্যাটের মালিকের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে বাড়িটি দখলমুক্ত করতে গিয়ে ঘটনাটি সামনে আসে। দীর্ঘদিন ধরে ভাড়া পরিশোধ না করা এবং ভাড়াটিয়ার সঙ্গে যোগাযোগ করতে না পারায় আইনি পদক্ষেপ নেন বাড়ির মালিক।
আদালতের নির্দেশ বাস্তবায়ন করতে নিরাপত্তাবাহিনীর সদস্যরা ফ্ল্যাটটিতে গেলে দরজা খুলতে সমস্যায় পড়েন। ওই নারীর কোনো খোঁজ না পেয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে ফ্ল্যাটে প্রবেশ করেন তারা। পরে একটি কক্ষ থেকে তার গলিত মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই নারী প্রায় তিন বছর ধরে প্রতিবেশী ও পরিচিতজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিলেন। স্বামীর মৃত্যুর পর ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন তিনি। শুরু করেন একাকী জীবনযাপন। একপর্যায়ে ফ্ল্যাটের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে তার জীবন।
তদন্তসংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে তার স্বামীর মৃত্যুর পর মানসিক সংকট ও সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার বিষয়টিও উঠে এসেছে। তবে এ বিষয়ে কোনো নিশ্চিত চিকিৎসাগত তথ্য পাওয়া যায়নি।
মরদেহ উদ্ধারের পর ওই নারীর পরিচয়, মৃত্যুর সময় ও কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি ও চিকিৎসাগত পরীক্ষা শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জনবহুল আবাসিক এলাকায় বসবাস করেও কীভাবে একজন নারীর মৃত্যুর খবর প্রায় তিন বছর কারও নজরে এলো না, তা নিয়ে মিসরে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটি বয়স্ক ও একা বসবাসকারী মানুষের নিরাপত্তা, পারিবারিক যোগাযোগ এবং সামাজিক দায়িত্ববোধ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।



