মিসরে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪

ছবি: আল-আহরাম
মিসরের রাজধানী কায়রো থেকে প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণে রবিবার দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত চারজন নিহত এবং ৮৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়।
আলাদা এক বিবৃতিতে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, তদন্তে কারও অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।
কায়রো-আপার ইজিপ্ট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করতে উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত বগিগুলো সরানোর কাজ করছেন বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এ কাজে কত সময় লাগতে পারে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
এর ঠিক এক বছরের কিছু বেশি সময় আগে, দেশটির আল-আইয়াত এলাকায় দুটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়, যার ফলে ট্রেনের একজন চালক ও তার সহকারী আহত হন।
দেশটিতে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে থাকে।



