ডুবে যাচ্ছে আফ্রিকা!

দ্রুতগতিতে তলিয়ে যাচ্ছে আফ্রিকা মহাদেশের একাধিক শহর। গত শুক্রবার সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে উঠে এসেছে এ তথ্য। নতুন এই গবেষণাটি পরিচালনা করে ভার্জিনিয়া টেক এবং ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটির গবেষক দল। তারা ইউরোপীয় মহাকাশ সংস্থার ‘সেন্টিনেল-১’ উপগ্রহ থেকে প্রাপ্ত রাডার চিত্র ব্যবহার করে তৈরি করেছেন আফ্রিকার উপকূলীয় ২০টি শহরের নিচের ভূখণ্ড কতটা সরেছে বা দেবে গেছে, সেটির একটি মানচিত্র। বিবিসির গতকাল শনিবারের প্রতিবেদন অনুযায়ী, নাইজেরিয়ার লাগোস এবং মিসরের আলেকজান্দ্রিয়াসহ বেশ কিছু শহর আগের তুলনায় অনেক দ্রুতগতিতে তলিয়ে যাচ্ছে। আলেকজান্দ্রিয়া ও লাগোসের নিচের মাটি যথাক্রমে বছরে গড়ে ৬ এবং ৫ মিমি করে দেবে গেছে বলে জানা গেছে। অ্যাঙ্গোলার লুয়ান্ডা উল্লেখযোগ্যভাবে দেবে গেছে, তবে দক্ষিণ আফ্রিকার ডারবানের মতো অন্যান্য শহর স্থিতিশীল রয়েছে বা এমনকি সামান্য ওপরে উঠে এসেছে। জাতিসংঘের জলবায়ুবিষয়ক সংস্থা, ‘ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ’-এর ২০২১ সালের অনুমানের তুলনায় বর্তমানে শহর ডুবে যাওয়ার গতি অনেক বেশি। গবেষণাপত্রটির প্রধান লেখক ওলুওয়াসেয়ি ডাশো বলেছেন, ভূমি বসে যাওয়ার প্রভাবগুলো ‘দৈনন্দিন জীবনে প্রায়ই অদৃশ্য থাকে, কিন্তু কয়েক দশক ধরে এগুলো বন্যার ঝুঁকির মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে’। গবেষক দলের অনুমান অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে ৭০ লাখ মানুষ, ১০ লাখ ভবন এবং ১৮০ বিলিয়ন ডলার মূল্যের সম্পদ পড়তে পারে বন্যার ঝুঁকির মুখে।



