ভিসা-জটে ম্লান আফ্রিকা সুন্দরীদের বিশ্বযাত্রা
- যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় বিপাকে কয়েকটি দেশের প্রতিযোগী
- জাম্বিয়ার নাম প্রত্যাহার, অনিশ্চয়তায় জিম্বাবুয়ে ও দক্ষিণ সুদান

মিস ইউনিভার্স জিম্বাবুয়ে ২০২৬-এর প্রতিযোগী রোজানা হল
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সেও। ভিসা না পাওয়ায় এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন আফ্রিকার কয়েকটি দেশের প্রতিনিধিরা। ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের স্বায়ত্তশাসিত অঞ্চল পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের হোসে মিগেল আগরেলট কলোসিয়ামে অনুষ্ঠিত হবে এর চূড়ান্ত পর্ব।
এরইমধ্যে ভিসা জটিলতার কারণে প্রতিযোগিতা থেকে নিজেদের প্রতিনিধি প্রত্যাহার করেছে জাম্বিয়া। অন্যদিকে জিম্বাবুয়ে ও দক্ষিণ সুদানের প্রতিনিধিদের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। গতকাল বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জিম্বাবুয়ের প্রতিনিধি রোজানা হল এখনো ভিসা পাননি। ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের স্বায়ত্তশাসিত অঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশ নিতে কয়েক সপ্তাহ ধরে চেষ্টা করছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, ভিসা পাওয়ার জন্য তারা নিয়মিত যোগাযোগ করছেন। কিন্তু সময়মতো অনুমোদন না পাওয়ায় নির্ধারিত সময়ে যাত্রা করা সম্ভব হয়নি। রোজানা আরও জানান, শুধু তিনি নন, আফ্রিকার আরও কয়েকটি দেশের প্রতিযোগী একই সমস্যার মুখোমুখি হয়েছেন। মিস ইউনিভার্সের ৭৫তম এ আসরের প্রতিযোগীরা ৮ নভেম্বর থেকে পুয়ের্তো রিকোতে পৌঁছাতে শুরু করেছেন। শুরু হয়েছে নিবন্ধন ও অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রমও ।
প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াল জাম্বিয়া
ভিসা জটিলতায় শেষ পর্যন্ত এবারের প্রতিযোগিতা থেকে নিজেদের প্রতিনিধি প্রত্যাহার করেছে জাম্বিয়া। দেশটির ২৫ বছর বয়সী প্রতিযোগী পামেলা মুবাঙ্গা গত ৮ অক্টোবর মিস ইউনিভার্স জাম্বিয়া নির্বাচিত হয়েছিলেন। একজন নিবন্ধিত নার্স হিসেবে কাজ করা মুবাঙ্গার আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল। জাম্বিয়ার আয়োজক সংস্থা জানিয়েছে, ভিসা জটিলতার কারণে মুবাঙ্গার অংশগ্রহণ সম্ভব হচ্ছে না। এটি তার ব্যক্তিগত ব্যর্থতা কিংবা কাগজপত্রের ঘাটতির কারণে নয়। সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আফ্রিকার অন্তত পাঁচটি দেশ একই ধরনের সমস্যায় পড়েছে বলেও জানিয়েছে তারা।
দক্ষিণ সুদানের অংশগ্রহণ নিয়েও শঙ্কা
দক্ষিণ সুদানের প্রতিনিধির অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। রোজানা হলের ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে দেশটির মিস ইউনিভার্স সংশ্লিষ্ট সংগঠন জানিয়েছে, তাদের প্রতিনিধির অংশগ্রহণের সম্ভাবনা এখন ৫০-৫০।
কেন ভিসা জটিলতা?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘোষিত ১০৯৯৮ নম্বর প্রেসিডেনশিয়াল প্রোক্লেমেশনের আওতায় ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৯টি দেশের নাগরিকদের ওপর আংশিক ভ্রমণ ও ভিসা বিধিনিষেধ কার্যকর হয়েছে। এসব দেশের মধ্যে জিম্বাবুয়েও রয়েছে। বিধিনিষেধের আওতায় সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের ভিজিটর, শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিসাসহ বিভিন্ন শ্রেণির ভিসা প্রদানে স্থগিতাদেশ আরোপ করা হয়েছে। ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে চাইলেও প্রয়োজনীয় ভ্রমণ অনুমতি পেতে সমস্যায় পড়ছেন এসব দেশের প্রতিযোগীরা।



