তিউনিসে বিরল প্রতিবাদ, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ পুলিশের

তিউনিসিয়ায় অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সংকটের মধ্যেই হচ্ছে এমন বিক্ষোভ। ছবি : রয়টার্স
তিউনিসিয়ার রাজধানী তিউনিস ও দক্ষিণাঞ্চলীয় শহর জেবিনিয়ানায় ছড়িয়ে পড়েছে বিরল বিক্ষোভ। পুলিশি হেফাজতে এক ব্যক্তির মৃত্যু এবং নিরাপত্তা বাহিনীর অভিযানে আরেকজনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে এ বিক্ষোভ।
গতকাল বৃহস্পতিবার রাজধানী তিউনিসের উপশহর এত্তাদামেন এবং দক্ষিণাঞ্চলীয় শহর জেবিনিয়ানায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। স্ফ্যাক্স শহরেও পৃথক এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হয়েছে বিক্ষোভ।
বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন, টায়ারে আগুন দেন এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীদের হাত থেকে সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত রাখতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
তিউনিসিয়ায় অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সংকটের মধ্যেই হচ্ছে এমন বিক্ষোভ।
জীবনযাত্রার অবনতি এবং সরকারি সেবার দুরবস্থা নিয়ে মানুষের ক্ষোভ এমনিই বাড়ছে। এতে দেশ জুড়ে আরও বড় আকারে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
এর আগে গত শনিবার রাজধানীতে প্রেসিডেন্ট কাইস সাঈদের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয়। এতে হাজারো মানুষ অংশ নেন।
তাদের অভিযোগ, সাঈদ গণতন্ত্রকে দুর্বল করছেন এবং অর্থনীতি সামলাতে ব্যর্থ হচ্ছেন।
এদিকে, বুধবার দেশটির একটি সামরিক আদালত বিরোধী রাজনীতিক ওলফা হামদিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন। রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সামরিক বাহিনীর আদেশ অমান্য করতে উসকানি দেওয়ার অভিযোগে তাকে এ সাজা দেওয়া হয়।
সূত্র : আল জাজিরা






