কুয়েতে বৃষ্টির আশায় ১০৮ মসজিদে সালাতুল ইস্তিসকা আদায়

সংগৃহীত ছবি
দীর্ঘদিনের অনাবৃষ্টি ও খরা থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মহান আল্লাহর রহমত কামনায় কুয়েতজুড়ে আদায় করা হয়েছে বিশেষ নামাজ ‘সালাতুল ইস্তিসকা’। শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দেশটির ছয়টি গভর্নরেটের ১০৮টি নির্ধারিত মসজিদে একযোগে এ নামাজ আদায় করেন মুসল্লিরা।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে আয়োজিত এ নামাজে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। অনাবৃষ্টি ও খরার প্রভাব থেকে দেশ, প্রকৃতি, জীবজন্তু ও মানুষের জীবন রক্ষায় মহান আল্লাহর কাছে রহমত প্রার্থনা করেন তারা।
ইসলামী বিধান অনুযায়ী, দীর্ঘ সময় বৃষ্টিপাত না হলে এবং খরা ও পানির সংকট দেখা দিলে বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে সালাতুল ইস্তিসকা আদায় করা হয়। এটি দুই রাকাতের সুন্নত নামাজ। ইমামের নেতৃত্বে জামাতে আদায় করা এ নামাজে মুসল্লিরা বৃষ্টি, রহমত এবং প্রাকৃতিক দুর্যোগ ও পানির সংকট থেকে মুক্তি কামনা করেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিনম্র প্রার্থনার মধ্য দিয়ে কুয়েতের বিভিন্ন প্রান্তে একযোগে এ বিশেষ ইবাদত অনুষ্ঠিত হয়।




