মেয়ে জন্মালেই গ্রামে ১১১টি গাছ
রাজস্থানের যে গ্রামে কন্যাসন্তানই সবুজের প্রতীক

সংগৃহীত ছবি
মেয়ের জন্ম মানেই একসময় ছিল বিষণ্নতা। সেই ধারণা ভাঙতে এবার এগিয়ে এসেছে একটি গ্রাম। সেখানে কন্যাসন্তান জন্ম নিলেই রোপণ করা হয় ১১১টি গাছ। মেয়েটির সঙ্গে বেড়ে ওঠে গাছগুলোও। ভারতের রাজস্থানের রাজসমন্দ জেলার পিপলান্ত্রি গ্রামের এই উদ্যোগ এখন নারীসম্মান ও পরিবেশ রক্ষার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত।
গ্রামটির পরিবেশ এমনিতেই কঠিন। শুষ্ক আবহাওয়া, মার্বেল খনির বিস্তার, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া—সব মিলিয়ে প্রকৃতির ওপর চাপ দীর্ঘদিনের। এর সঙ্গে ছিল কন্যাসন্তানকে অবহেলা করার সামাজিক প্রবণতা। এমন পরিস্থিতিতে ২০০৭ সালে নতুন উদ্যোগ নেন গ্রামের সাবেক প্রধান শ্যামসুন্দর পালিওয়াল। নিজের মেয়ে কিরণের মৃত্যুর পর তাঁর স্মৃতিতে একটি গাছ লাগিয়েছিলেন তিনি। সেই ব্যক্তিগত শোক থেকেই পরে জন্ম নেয় সামাজিক আন্দোলন। সিদ্ধান্ত হয়, গ্রামে কোনো মেয়ে জন্মালে ১১১টি গাছ লাগানো হবে।
আর সেই থেকেই চলে আসছে এই রীতি।
এই উদ্যোগে পরিবারের পাশাপাশি গ্রামের মানুষও গাছগুলোর পরিচর্যার দায়িত্ব নেন। মেয়ের জন্ম আর গাছ লাগানো—দুটিই হয়ে ওঠে সম্মিলিত উদ্যাপনের উপলক্ষ। শুধু গাছ লাগানো নয়, মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষায় তাঁদের নামে ব্যাংক একাউন্ট খোলার ব্যবস্থাও করা হয়েছে। বাল্যবিবাহ নিরুৎসাহিত করা এবং মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগ রয়েছে। রাখিবন্ধন উৎসবে মেয়েরা নিজেদের নামে লাগানো গাছের হাতে রাখিও বাঁধে। গাছের সঙ্গে তৈরি হয় আত্মীয়তার এক প্রতীকী সম্পর্ক।
এই গল্প নিয়েই নির্মাতা সূরজ কুমার তৈরি করেছেন প্রামাণ্যচিত্র পিপলান্ত্রি: আ টেল অব ইকো-ফেমিনিজম। ২০২৫ সালের ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে জায়গা পেয়েছে ছবিটি। সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ প্রচারের জন্য ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে এটি। গ্রামটির বিভিন্ন ঋতুর পরিবর্তন তুলে ধরতে ছবিটির শুটিং চলে প্রায় ১৮ মাস।
পিপলান্ত্রির এই উদ্যোগে বদল এসেছে গ্রামের পরিবেশেও। জাতিসংঘের ভারতীয় শাখার ২০২২ সালের তথ্য অনুযায়ী, প্রায় ১৫ বছর ধরে এই প্রথা চালু থাকার সময় গ্রামে গড়ে উঠেছিল প্রায় চার লাখ গাছ। সবুজের পরিধি বাড়ার পাশাপাশি মেয়েদের জন্মকে ঘিরে সামাজিক মনোভাবেও পরিবর্তন এসেছে। এছাড়াও এই উদ্যোগের প্রভাব পড়েছে গ্রামের জীবিকা ও নারীদের কাজের সুযোগেও। ঘৃতকুমারী বা অ্যালোভেরা চাষকে ঘিরে তৈরি হয়েছে আয় করার নতুন পথ। স্থানীয় উদ্ভিদ ও গাছের নানা উপকরণ কাজে লাগিয়ে পণ্য তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। নারী স্বনির্ভর গোষ্ঠীগুলোর অংশগ্রহণে এসব কাজ আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। ভারতের জাতীয় গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের এক প্রতিবেদনে পিপলান্ত্রির এই উদ্যোগের সঙ্গে নারীদের কর্মসংস্থান, জল সংরক্ষণ এবং গ্রামের সামগ্রিক উন্নয়নের যোগসূত্র তুলে ধরা হয়েছে।





