কলম্বিয়ায় সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউই, রানঅফে এগিয়ে থাকবেন ট্রাম্পের মিত্র

ইভান সেপেদা কাস্ত্রো (বাম) এবং তার প্রতিদ্বন্দ্বী অ্যাবেলার্দো দে লা এসপ্রিলা (ডান) কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফ ভোটে মুখোমুখি হচ্ছেন। ছবি : সংগৃহীত
একক সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো প্রার্থী কাঙ্ক্ষিত ৫০ শতাংশ ভোট না পাওয়ায় কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা অনুষ্ঠিত হবে ২১ জুন।
গতকাল রবিবারের প্রথম দফার ভোটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট ডানপন্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা মোট ভোটের ৪৩ দশমিক ৭ শতাংশ পেয়ে এগিয়ে ছিলেন।
অন্যদিকে, ক্ষমতাসীন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর অনুসারী বামপন্থী সিনেটর ইভান সেপেদা পেয়েছেন ৪১% ভোট।
যদিও জনমত জরিপে সেপেদাকে ডানপন্থী প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছিল।
মধ্যপন্থী রক্ষণশীল পালোমা ভ্যালেন্সিয়া, যিনি ৭ শতাংশের কম ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন, তিনি রান অফের জন্য দে লা এসপ্রিয়েল্লাকে সমর্থন জানিয়েছেন।
দ্বিতীয় দফার নির্বাচন বা রান অফে শুধু শীর্ষ দুই প্রার্থী অংশ নেবেন।
রোববারের ফল মেনে নেননি প্রেসিডেন্ট পেত্রো। তার অভিযোগ, তার সমর্থিত প্রার্থীর বিপক্ষে লাখ লাখ ভোট যোগ করা হয়েছে। যদিও দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দিতে পারেননি।
প্রাথমিক ফল নিয়ে ক্ষমতাসীনদের অভিযোগ এখনো পর্যবেক্ষণ করছেন বিচারকরা। প্রেসিডেন্ট পেত্রোর ভাষ্য, বিচারকদের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করবেন তিনি।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গ্রহণ স্বাভাবিক ও নিরাপদে সম্পন্ন হয়েছে।
ভোটে প্রথমে থাকা দে লা এসপ্রিয়েলা জোর দিয়ে দাবি করেছেন, তিনি স্বৈরাচার ও একনায়কতন্ত্রকে পরাজিত করবেন। প্রাথমিক ফলকে তিনি রাষ্ট্রের দুধ খেয়ে বেঁচে থাকা সুবিধাভোগীদের বিরুদ্ধে একটি বিজয় বলে অভিহিত করেছেন।
এদিকে, সেপেদা বিচারকদের যাচাই না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন।
সূত্র: বিবিসি






