ইইউর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে আইন করছে যুক্তরাজ্য

সংগৃহীত ছবি
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে নতুন আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য সরকার। দেশের স্বার্থেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
নতুন এই বিলে খাদ্যমান, প্রাণিকল্যাণ ও কীটনাশক ব্যবহারের মতো কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে ব্রিটেনকে।
বিবিসি রেডিও ফাইভ লাইভকে স্টারমার বলেছেন, ‘বর্তমান বিশ্বে বিরাজ করছে ব্যাপক সংঘাত ও অনিশ্চয়তা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- প্রতিরক্ষা, নিরাপত্তা, জ্বালানি ও অর্থনীতি—সব দিক থেকেই ইউরোপের সঙ্গে আমাদের আরও ঘনিষ্ঠ সম্পর্ক থাকা জরুরি।’
যুক্তরাজ্য সরকারের সূত্রগুলো বলছে, আগামী ১৩ মে রাজা তৃতীয় চার্লসের ভাষণে ঘোষণা হতে পারে বিলের বিষয়টি। বিলটি পাস হলে বিভিন্ন খাতে ইইউর বিধিমালা সহজেই গ্রহণ করতে পারবে যুক্তরাজ্য।
সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, আইনটি স্বাভাবিক প্রক্রিয়ায় সংসদে যাবে এবং মুখোমুখি হবে সংসদীয় পর্যালোচনার। আইনটি পাশ হলে বছরে ৫ দশমিক ১ বিলিয়ন পাউন্ড মূল্যের বাণিজ্যচুক্তি করা সম্ভব হবে এবং এর ফলে কর্মসংস্থান বাড়বে যুক্তরাজ্যে।
















